শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর ঠিক দুদিন আগে নিজেদের স্কোয়াডে বড় ধরনের রদবদল এনেছে পাকিস্তান। দুই সপ্তাহ আগে ঘোষিত ১৪ সদস্যের প্রাথমিক দল থেকে দুজনকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন চারজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে ১৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। বাদ পড়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ওপেনার আবদুল্লাহ ফজল ও স্পিনার আলী ওসমান।
নতুন করে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অনভিষিক্ত দুই ফাস্ট বোলার আলী সাব্বির ও সাকিব খান। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হারা পাকিস্তান দলের অংশ ছিলেন তারা। এছাড়া স্কোয়াডে নেওয়া হয়েছে সিমে অলরাউন্ডার আমের জামাল এবং ২০ বছর বয়সী উদীয়মান ব্যাটার তাইয়াব আরিফকে।
স্পিনার আলী ওসমানের জন্য এটি টানা দ্বিতীয় টেস্ট, যেখানে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার পরও তিনি বাদ পড়লেন। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন ইঙ্গিত দিয়েছিলেন যে ওসমানের ভবিষ্যতে সীমিত ভূমিকা থাকবে। সে সময় হেসন মন্তব্য করেছিলেন, স্পিনের অনুকূল নয় এমন পরিস্থিতি বা কন্ডিশনে এমন কোনো ফিঙ্গার স্পিনারকে খেলানো সম্ভব নয়, যিনি ব্যাট বা ফিল্ডিংয়ে অবদান রাখতে পারেন না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাত্র দুই ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন ওসমান।
দল নির্বাচনের এই পরিবর্তন নির্দেশ করে যে রাওয়ালপিন্ডি টেস্টের উইকেটের ধরন নিয়ে পাকিস্তান ম্যানেজমেন্ট স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে। বিগত কয়েক বছরে পাকিস্তানে প্রস্তুত করা স্পিনবান্ধব উইকেটের চেয়ে এবারের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে। ১৬ সদস্যের এই দলে মূল স্পিনার হিসেবে কেবল আরাফাত মিনহাসকে রাখা হয়েছে, যিনি নিম্ন-মধ্যম সারির ব্যাটার হিসেবেও দায়িত্ব পালন করেন। ঘরোয়া টেস্টের নিয়মিত দুই মুখ সাজিদ খান ও নোমান আলী শুরু থেকেই বিবেচনায় ছিলেন না, আর এবার ওসমানকেও ছেড়ে দেওয়ায় পাকিস্তানের পেসবান্ধব কৌশলের বিষয়টি নিশ্চিত হলো।
পূর্বে শ্রীলঙ্কার মতো স্পিন শক্তিসম্পন্ন দলের বিরুদ্ধে স্পিন উইকেট বানানোর ঝুঁকি এড়াতেই কৌশলগত পরিবর্তন আনা হয়। তা ছাড়া ২০২৪ সালে বাংলাদেশের সফরের সময় ফ্ল্যাট ট্র্যাকে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৬৫ রান তোলে এবং শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল। ফলে সে ধরনের ভুলের পুনরাবৃত্তি আর করতে চায় না পাকিস্তান।
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চরম বিপর্যয়ে থাকা পাকিস্তানের জন্য এই সিরিজ ঘুরে দাঁড়ানোর লড়াই। নয়টি ম্যাচের মধ্যে সাতটিতেই পরাজিত হওয়া এবং ওভার রেটের পেনাল্টির কারণে তাদের পয়েন্টের শতাংশ নেমে এসেছে ৪.৬৩-তে, যা পয়েন্ট টেবিলের তলানির আগের স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়েও প্রায় ছয় গুণ কম। বর্তমানে শ্রীলঙ্কা এই তালিকার সপ্তম স্থানে রয়েছে।
সিরিজের প্রথম টেস্টটি ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১৭ নভেম্বর থেকে লাহোরে মাঠে গড়াবে।

