দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে জালাদ শহরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদ আল-তুবাসির মালিকানাধীন এই বাড়িটি দীর্ঘ প্রায় তিন মাস ধরে ইসরায়েলি দখলদারদের ক্রমাগত হয়রানির শিকার হওয়ার পর দখল করা হলো।
সূত্রগুলো আরও জানিয়েছে, এই অবৈধ বসতি স্থাপনকারীরা এর আগেও বাড়িটিতে আগুন দিয়েছিল এবং এর কাছাকাছি একটি অবৈধ আউটপোস্ট বা বসতি স্থাপন করেছিল। পরিবারটিকে উচ্ছেদের জন্য তারা দীর্ঘ সময় ধরে অবরোধের কৌশল অবলম্বন করে। কয়েক সপ্তাহ ধরে বাড়িটিতে থাকা সত্ত্বেও তুবাসি পরিবারকে খাদ্য ও পানি সরবরাহ থেকে বঞ্চিত করা হয়। এছাড়া কয়েকদিন আগে বসতি স্থাপনকারীরা বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং পরিবারটির কাছে কোনো ধরনের খাবার, পানি ও চিকিৎসা সামগ্রী পৌঁছাতে বাধা দেয়। ক্রমবর্ধমান এই চাপের মুখে শেষ পর্যন্ত পরিবারটি বাড়ি ছাড়তে বাধ্য হয়।
এদিকে, স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে দখলকৃত পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে দিনে দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা, যেখানে তারা ফিলিস্তিনিদের চলাচলে বিধিনিষেধ আরোপ এবং জিজ্ঞাসাবাদ করেছে। উত্তর জর্ডান উপত্যকায় সেনারা ফিলিস্তিনি জনবসতিতে পানি সরবরাহকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমের হিজমা শহরে আরও একজনকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনিদের সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১,১৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এই সময়ে ১৩,০০০ ফিলিস্তিনি আহত এবং প্রায় ২৪,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

