আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি একটি আধ্যাত্মিক সফরে পবিত্র মক্কা নগরীতে গিয়েছেন। মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তিনি কেবল নিজের জন্য নয়, বরং নিজের দেশের সার্বিক নিরাপত্তা এবং তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ প্রার্থনা করেছেন।
প্রার্থনার সময় রাখি সাওয়ান্ত দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরির আকুতি জানান। তিনি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া, মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা ব্যক্তিদের হাত থেকে দেশকে নিরাপদ রাখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি।
এ সময় রাখি দেশের একটি মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেখানে আইফোন কেনার আবদার কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এক পরিবারের তিন সদস্য আত্মহত্যা করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তরুণদের উদ্দেশ্যে তিনি একটি আবেগঘন বার্তা দেন। তিনি তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়ে বলেন, দামি জিনিসের বা আইফোনের চাহিদার জন্য বাবা-মাকে কষ্ট দেওয়া একদমই উচিত নয়। বরং কঠোর পরিশ্রম করে নিজের উপার্জনে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নিজের ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে রাখি জানান, জন্মসূত্রে তিনি হিন্দু, পরবর্তীতে খ্রিষ্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তিনি ইসলাম ধর্ম অনুসরণ করছেন। তবে সব ধর্মের প্রতিই তার সমান শ্রদ্ধা রয়েছে। মক্কার এই সফরে নিজের প্রার্থনার মধ্য দিয়ে শিক্ষা, সততা এবং বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্ববোধের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন এই অভিনেত্রী।

