সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সি-বিচের পাশ থেকে মো. রিয়াজ আহমেদ (২৮) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে বন বিভাগের সদস্যরা তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি কাঠের লঞ্চে করে ১৯ জনের একটি পর্যটক দল গত ৫ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতি নিয়ে সুন্দরবনে ভ্রমণে আসে। বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার দুপুর ১২টার দিকে লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পর্যটকেরা ট্রলারে করে চরে নামার পর রিয়াজসহ কয়েকজন সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ তলিয়ে যান এবং নিখোঁজ হন।
শরণখোলা রেঞ্জের এসিএফ দীপন চন্দ্র দাস জানান, পর্যটক নিখোঁজ হওয়ার পর বন বিভাগের সদস্যরা কোস্ট গার্ডের সঙ্গে যৌথভাবে সমুদ্র ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন। আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে সহায়তা করেন। তবে সাগরের উত্তাল পরিস্থিতির কারণে প্রথম দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই তাদের একটি টহল দল উদ্ধার অভিযানে কাজ করছিল।

