ইরাকের সিনজার এলাকা থেকে সন্ত্রাসী সংগঠন পিকেকের উপস্থিতি দূর করতে এবং সেখানে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় নিজেদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক ও ইরাক। গত রবিবার তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতেই সিনজারে পিকেকে উপাদানগুলোর সমাপ্তি টানার কাজ চলছে। ইরাকি কর্তৃপক্ষ ইতিমধ্যেই সিনজারে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধারে যে প্রশংসনীয় পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে দুই দেশই তাদের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছে।
এই সমঝোতার অংশ হিসেবে তুর্কি পক্ষ থেকে জানানো হয়েছে, বাশিকা-জিলকান ঘাঁটিটি পর্যায়ক্রমে ইরাকের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুরু হবে। নেতাদের পূর্বসিদ্ধান্তের আলোকেই এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এছাড়া সিনজারে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি সম্পূর্ণ নির্মূলের এই প্রক্রিয়াটি যৌথভাবে যাচাই ও পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ। পূর্ববর্তী চুক্তি অনুযায়ী, এই পর্যবেক্ষণ কাজ তদারকি করতে যৌথ নিরাপত্তা সমন্বয় কমিটি সক্রিয় করার বিষয়েও দুই দেশ একমত প্রকাশ করেছে।

