ইরান-সংশ্লিষ্ট প্রাণনাশের হুমকির মুখে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টকে তার ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে সরিয়ে একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াল স্ট্রিট জার্নালে বেসেন্টের বাড়ির একটি ছবি প্রকাশের পর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। ওই ছবির মাধ্যমে তার জর্জটাউনের বাসভবনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল।
জর্জটাউন ওয়াশিংটনের একটি অভিজাত এলাকা, যেখানে অনেক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি বসবাস করেন। নিরাপত্তা উদ্বেগের কারণে কর্তৃপক্ষ বেসেন্টকে ওই এলাকার একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও বেসেন্টের প্রতি হুমকির প্রকৃত ধরন ও তীব্রতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে ইরান আমেরিকানদের, বিশেষ করে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।
ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ধরনের হুমকিতে বেসেন্ট দমে যাবেন না এবং ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্যের জন্য যোগাযোগ করা হয়েছে।
গত সেপ্টেম্বরে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন সতর্ক করেছিলেন যে, ইরান মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই তালিকায় বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা রয়েছেন। এর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান মার্ক মিলি অন্যতম। তবে গত বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর মিলি ও বোল্টনের নিরাপত্তা দল প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বেসেন্ট প্রশাসনের এমন অনেক কর্মকর্তার একজন যারা সামরিক ঘাঁটিতে বসবাস করেন। হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে ২০২৫ সালের শেষের দিকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছিল। এছাড়া প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং সাবেক গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডও সামরিক ঘাঁটিতে থাকছেন।
ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের ক্ষেত্রে বেসেন্ট সামনের সারিতে রয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা দীর্ঘদিনের। এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান অভিযানে ইরানের নেতা নিহত হওয়ার পর তেহরান পাল্টা হামলা চালিয়েছিল। জুন মাসে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে দুই দেশ প্রাথমিক চুক্তিতে পৌঁছালেও, ইরানি হামলা পুনরায় শুরু হওয়ায় এবং যুক্তরাষ্ট্র অবরোধ পুনর্বহাল করায় তা ব্যর্থ হয়।

