নিট-ইউজি পরীক্ষা নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠেছে ভারতের বিভিন্ন প্রান্তে। দিল্লির যন্তর মন্তর ও কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে ঐতিহাসিক ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন না। সরকারের ভাষ্যমতে, পদত্যাগ কোনো সমস্যার সমাধান নয় এবং এটি সমস্যার মূল কারণ দূর করতে সক্ষম নয়।
এর আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছিল যে, দিল্লির বিতলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। সরকারের এই নতুন অবস্থানের মাধ্যমে সেই দাবিটি নাকচ করে দেওয়া হলো।
সিজেপির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৩রা মে নিট-ইউজি পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি আর্থিক সহায়তা প্রদান এবং সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করা। এছাড়া পরীক্ষা ব্যবস্থায় প্রস্তাবিত পাঁচ দফা সংস্কারের পূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রতিক ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের পদক্ষেপের জন্য কেন্দ্র সরকার, র্যাপিড অ্যাকশন ফোর্স ও দিল্লি পুলিশ কমিশনারের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবিও তারা জানিয়েছে।
সিজেপি নেতা সৌরভ দাস জানিয়েছেন, তাদের এই দাবিগুলো কোনোভাবেই আপসযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন আরও তীব্র করা হবে এবং যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।

