সুইজারল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল্পস পর্বতমালা এলাকায় পর্যটকবাহী একটি বাস উল্টে গিয়ে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গ্রাউবুন্ডেন অঞ্চলের সুশ এবং জেরনেজ শহরের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। গ্রাউবুন্ডেন অঞ্চলটি গ্রিসনস নামেও পরিচিত।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং বেশ কয়েকটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বাসটির আশেপাশে কাজ করছেন। সুইজারল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সংকীর্ণ একটি গ্রামীণ রাস্তার পাশে বাসটি উল্টে পড়ে আছে এবং পাশেই অসংখ্য অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে।
ট্যুর অপারেটর ওএডি (OAD)-এর পক্ষ থেকে জেনারেল ডাচ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল কোম্পানিজের এক মুখপাত্র জানিয়েছেন, ওই বাসে ৪৮ জন ডাচ যাত্রী ছিলেন। মুখপাত্র ডাচ সংবাদপত্র ডি টেলিগ্রাফকে জানিয়েছেন যে, তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বাসটি সোমবার নেদারল্যান্ডস ছেড়েছিল এবং অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডে একদিনের ভ্রমণে যাচ্ছিল। জেরনেজ শহরটি সুইস ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসেবে পরিচিত, যা এনগাডিন উপত্যকা জুড়ে প্রায় ১০০ বর্গকিলোমিটার বা ৪০ বর্গমাইল এলাকা নিয়ে বিস্তৃত।

