তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শীঘ্রই সিরিয়া সফর করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ও হাকান ফিদানের যৌথ সংবাদ সম্মেলনে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত দুই বছরে তুরস্ক ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে উল্লেখ করেন ফিদান।
সংবাদ সম্মেলনে হাকান ফিদান তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আঙ্কারা একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সিরিয়া দেখতে চায়। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার সকল নাগরিক যাতে জাতিগত বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে সমান নাগরিক অধিকার নিয়ে নিজেদের প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। ওয়াইপিজি-নিয়ন্ত্রিত এসডিএফ নিয়ে আলোচনার সময় তিনি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন, যা সকল সিরীয়র অধিকার রক্ষা করবে।
সিরিয়ার স্কুলে তুর্কি ভাষা শিক্ষা বন্ধ হয়ে যাওয়ার খবর প্রসঙ্গে ফিদান জানান, সিরীয় কর্তৃপক্ষ তুরস্কের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে যে, তুর্কি ভাষা ঐচ্ছিক বিষয় হিসেবে রাখার ক্ষেত্রে কোনো বাধা নেই।
আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে কথা বলতে গিয়ে ফিদান ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সিরিয়া বর্তমানে পুরো অঞ্চলের জন্য আশার আলো দেখালেও ইসরায়েলের কর্মকাণ্ড দেশটিকে অস্থিতিশীল করে তুলছে। ফিদান ইসরায়েলি নীতিকে সিরিয়ার ইতিবাচক অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে অভিহিত করেছেন। তুরস্ক দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীল ভূমিকা সম্পর্কে আঙ্কারা সচেতন বলেও তিনি মন্তব্য করেন।

