যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যে বিক্রিত ১ লাখ ২০ হাজারেরও বেশি কেস গেটোরেড পানীয় ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, এই পানীয়গুলোতে এমন কিছু ফুড কালার ব্যবহার করা হয়েছে যা বোতলের গায়ে উল্লেখ করা ছিল না। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে।
গত ২ অক্টোবর এফডিএ এই রিকল বা পণ্য ফেরতের ঘটনাটিকে 'ক্লাস-২' রিকল হিসেবে শ্রেণিভুক্ত করেছে। পেপসিকো গত ২৫ সেপ্টেম্বর এই রিকল প্রক্রিয়া শুরু করে। মূলত ২৮ আউন্সের গেটোরেড লেমন লাইম, গেটোরেড লেমন লাইম জিরো, গেটোরেড অরেঞ্জ এবং গেটোরেড অরেঞ্জ জিরো পানীয়গুলোতে ‘ইয়েলো নম্বর ৫’ এবং/অথবা ‘ইয়েলো নম্বর ৬’ নামক খাদ্য রং মেশানো পাওয়া গেছে, যা পণ্যের লেবেলে উল্লেখ নেই।
এফডিএ-এর মতে, ক্লাস-২ রিকল এমন এক পরিস্থিতি যেখানে কোনো পণ্যের ব্যবহার বা সংস্পর্শ সাময়িক বা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব এমন স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করতে পারে অথবা গুরুতর স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা খুবই কম থাকে।
এফডিএ-এর এনফোর্সমেন্ট রিপোর্টে পণ্য ফেরতের জন্য নির্দিষ্ট লট নম্বর এবং ৩৭টি অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে এই পানীয়গুলো সরবরাহ করা হয়েছিল। গ্রাহকদের এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

