রাশিয়ার সামরিক-শিল্প খাতকে লক্ষ্য করে প্রায় ১,৬০০টি নতুন বিধিনিষেধ তালিকা অনুমোদন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করেন ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইইউর নিষেধাজ্ঞার তালিকায় এটিই "একক সর্ববৃহৎ সম্প্রসারণ" বলে জানান তিনি।
কায়া কাল্লাস উল্লেখ করেন, অনুমোদিত নতুন বিধিনিষেধগুলোর অর্ধেকেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন চেইনের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, "ইউক্রেনীয়দের হত্যা করতে রাশিয়া যেসব অস্ত্র ব্যবহার করে, সেগুলোর উৎপাদন আমরা আরও কঠিন, ধীরগতির এবং ব্যয়বহুল করে তুলছি।"
অন্যদিকে, একটি পৃথক ঘোষণায় ইইউ কাউন্সিল জানিয়েছে যে রাসায়নিক অস্ত্রের বিস্তার ও ব্যবহার প্রতিরোধে তাদের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদের সময়সীমা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে। ২০৩১ সালের ৩০ অক্টোবর পর্যন্ত এই সংবিধিবদ্ধ কাঠামোর মেয়াদ কার্যকর থাকবে। একইসঙ্গে এই কাঠামোর অধীনে ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত স্বতন্ত্র নিষেধাজ্ঞাগুলোর স্থায়িত্বও ২০২৭ সালের ৩০ অক্টোবর পর্যন্ত এক বছর বাড়ানো হয়েছে।
বর্তমানে এই বিধিনিষেধমূলক ব্যবস্থার আওতায় ৩১ জন ব্যক্তি এবং ৬টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং ইইউর নাগরিক ও কোম্পানিগুলোর পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের কোনো তহবিল বা অর্থনৈতিক সম্পদ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ ছাড়া তালিকায় থাকা ব্যক্তিদের ইইউভুক্ত দেশগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

