দীর্ঘ এক দশকেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণার পর ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন ডানহাতি ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তিনি তার অবসরের কথা জানান। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া পুনম ভারতের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালে।
পুনম রাউতের ক্যারিয়ার পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। তিনি ভারতের হয়ে ৭৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২২৯৯ রান, ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৭১৯ রান এবং চারটি টেস্টে ২৬৪ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট সেঞ্চুরির সংখ্যা চারটি—যার তিনটি ওয়ানডেতে এবং একটি ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে। এছাড়া ওয়ানডেতে ১৫টি এবং টি-টোয়েন্টিতে চারটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের জুন মাসে ওয়ানডে ম্যাচটিই ছিল তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি।
পুনমের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ছিল ২০১৭ সালের নারী বিশ্বকাপ। সেই বিশ্বকাপে তিনি মোট ৩৮১ রান করেছিলেন। বিশেষ করে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে তার ৮৬ রানের ইনিংসটি ছিল নজরকাড়া, যদিও সেই ম্যাচে ভারত মাত্র নয় রানে পরাজিত হয়েছিল। একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দীপ্তি শর্মার সাথে তার ৩২০ রানের উদ্বোধনী জুটিটি ছিল রেকর্ড গড়া। এছাড়া ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঐতিহাসিক পিংক-বল টেস্টেও তিনি অংশ নিয়েছিলেন, যেখানে প্রথম ইনিংসে তিনি ৩৬ রান করেন। ওই ম্যাচে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট না দিলেও নিজে থেকে মাঠ ছেড়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।
অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে পুনম তার দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করেছেন। তিনি লেখেন, 'মুম্বাইয়ের রাস্তা থেকে ভারতীয় জার্সি গায়ে জড়ানো পর্যন্ত এই যাত্রা ছিল আশীর্বাদের মতো। ত্যাগ, সংগ্রাম, অবিস্মরণীয় জয়, কঠিন শিক্ষা এবং এমন সব মুহূর্ত যা আমি সারাজীবন মনে রাখব। ভারতকে প্রতিনিধিত্ব করা কেবল স্বপ্ন পূরণ নয়, এটি ছিল আমার জন্য বিশাল গর্বের একটি বিষয়।'
তিনি আরও যোগ করেন, 'আন্তর্জাতিক ক্রিকেটের এই অধ্যায় শেষ করার সময় আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে আছে তাদের প্রতি, যারা আমাকে বিশ্বাস করেছেন এবং আমার পাশে থেকেছেন। ক্রিকেট আমাকে কেবল একটি ক্যারিয়ারই দেয়নি, দিয়েছে একটি উদ্দেশ্য, পরিচয় এবং একটি পরিবার।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও খেলার সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন পুনম। তিনি বলেন, 'খেলোয়াড় হিসেবে আমি হয়তো সরে দাঁড়াচ্ছি, কিন্তু এই খেলার প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না। আমার পরবর্তী ইনিংসটি হবে এই খেলাকে কিছু ফিরিয়ে দেওয়ার, যা আমাকে সবকিছু দিয়েছে।'

