যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর চাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতির ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্যাকেজটি স্থগিত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার কয়েক ঘণ্টা পরই জেলেনস্কি এই মন্তব্য করেন।
হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত আসন্ন শীতের আগে ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান হামলার মুখে অরক্ষিত রেখে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলেনস্কি ট্রাম্পের এই পদক্ষেপকে দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেছেন, তবে ওয়াশিংটনের সাথে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও তিনি সরাসরি মার্কিন নেতার সমালোচনা করা থেকে বিরত থেকেছেন।
জেলেনস্কি বলেন, লিন্ডসে গ্রাহাম অ্যাক্টকে পুরোপুরি উপেক্ষা করার সিদ্ধান্তটি দুর্ভাগ্যজনক। এই আইনটি রাশিয়ার ওপর কার্যকর চাপ সৃষ্টির মাধ্যমে যুদ্ধ অবসানে ভূমিকা রাখতে পারত। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন এই নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করা সম্ভব হবে এবং এ বিষয়ে সবার সমর্থন প্রয়োজন।
একই দিনে জেলেনস্কি জানান, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলা চালিয়েছে। দেশটির ১৫টিরও বেশি স্থানে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া রাতভর চারটি ক্রুজ মিসাইল এবং ৩৩২টি অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে সবকটি মিসাইল এবং ২৮৯টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
শীতের আগে রাশিয়ার এই ভারী বোমাবর্ষণ যুদ্ধের একটি বার্ষিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, যার মূল লক্ষ্য বেসামরিক জনগণের জন্য বিদ্যুৎ, তাপ ও পানির সরবরাহ বন্ধ করে দিয়ে ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেওয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্ক করেছেন যে, রাশিয়া আগামী মাসগুলোতে আরও বড় হামলার জন্য ব্যালিস্টিক মিসাইল মজুদ করছে।

