মার্কিন পেশাদার বাস্কেটবল লিগ এনবিএতে ৪১ বছর বয়সী লেব্রন জেমসের মতো বর্ষীয়ান খেলোয়াড়েরা এখনো দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। তবে ব্যক্তিগত পর্যায়ে বয়স বাড়লেও সামগ্রিকভাবে পুরো লিগটি দিন দিন তরুণ খেলোয়াড়দের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। ১৯৪৬-৪৭ মৌসুম থেকে সংগৃহীত 'বাস্কেটবল-রেফারেন্স'-এর ঐতিহাসিক ডেটা বিশ্লেষণ করে ইউএসএ টুডে জানিয়েছে, ১৯৯৯-২০০০ মৌসুমের তুলনায় গত মৌসুমে এনবিএ খেলোয়াড়দের গড় বয়স প্রায় দুই বছর কমে ২৭.৭ থেকে ২৫.৯ বছরে নেমে এসেছে।
বয়সের এই পরিসংখ্যানগত পরিবর্তন সম্প্রতি প্রথম তুলে ধরেন বাস্কেটবল বিষয়ক লেখক ও সান আন্তোনিও স্পার্স-এর সাবেক কৌশলগত গবেষণা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কার্ক গোল্ডসবেরি। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ২০ শতকের শুরুতে এনবিএ খেলোয়াড়দের ৩৪.২ শতাংশের বয়স ছিল ৩০ বছর বা তার বেশি। কিন্তু ২০২৫-২৬ মৌসুমে এসে এই হার প্রায় অর্ধেক কমে ১৭.৫ শতাংশে দাঁড়িয়েছে। ফলে লেব্রন জেমসের মতো প্রবীণ খেলোয়াড়েরা এখন লিগে ধীরে ধীরে বিরল হয়ে উঠছেন।
অবশ্য তরুণ খেলোয়াড়দের আধিপত্য এনবিএতে এবারই প্রথম নয়। এর আগেও ১৯৫০ ও ১৯৬০-এর দশকে লিগের গড় বয়স ছিল ২৬.৫ বছরের নিচে। এরপর গড় বয়স ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং ১৯৯৯-২০০০ মৌসুমে সর্বোচ্চ ২৭.৭ বছরে পৌঁছায়। তবে পরবর্তী সময়ে বয়স আবার কমতে থাকে। ২০০৩-০৪ মৌসুমের পর থেকে এনবিএতে গড় বয়স আর কখনো ২৭ পার হয়নি। গত মৌসুমে তা কমে দাঁড়ায় ২৫.৯ বছরে, যা লিগের ইতিহাসের অন্যতম সর্বনিম্ন (১৯৫০ ও ৬০-এর দশকে টানা পাঁচ মৌসুমে গড় বয়স ২৫.৮ হয়েছিল)। ২০২৬-২৭ মৌসুমের প্রথম রাতে খেলোয়াড়দের গড় বয়স দাঁড়ায় ২৬.১ বছর, তবে মৌসুমজুড়ে খেলোয়াড় আসা-যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যায় পরিবর্তন আসতে পারে।
নতুন ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে ইউএসএ টুডে লিগের ৩০টি দলের ১৯ অক্টোবরের চূড়ান্ত রোস্টার বিশ্লেষণ করেছে। গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে ৩১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী খেলোয়াড়দের বয়স হিসাব করা হয়েছে। গবেষণায় দেখা যায়, বর্তমান লিগের সবচেয়ে বয়স্ক দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স। ৩৮ বছর বয়সী স্টিফেন কারির নেতৃত্বে এই দলের গড় বয়স ২৯ বছরের বেশি, যেখানে ৪০ বছর বয়সী আল হরফোর্ড এবং ৩৭ বছর বয়সী জিমি বাটলারও খেলছেন।
অন্যদিকে, বয়সের বিচারে সবচেয়ে তরুণ দলগুলোর একটি ব্রুকলিন নেটস। দলটিতে রয়েছে ২০ বছর বয়সী চার উদীয়মান তারকা—নোলান ত্রাওরে, বেন সারাফ, মিকেল ব্রাউন জুনিয়র ও ইগর দেমিন। এছাড়া মেমফিস গ্রিজলিস দলের গড় বয়স ২৪.২৮ বছর। তাদের স্কোয়াডে দুজন ১৯ বছর বয়সী খেলোয়াড় রয়েছেন—ক্যামেরন বুজার ও করিম লোপেজ। লিগে কেবল এই একটি দলেই দুজন ১৯ বছর বয়সী খেলোয়াড় রয়েছেন। ২০০৭ সালের জুলাইয়ে জন্ম নেওয়া এবং ডাফটের তৃতীয় পছন্দ ক্যামেরন বুজার এই মৌসুমের সবচেয়ে কম বয়সী এনবিএ খেলোয়াড়।
লিগের সবচেয়ে বয়স্ক সক্রিয় খেলোয়াড় লেব্রন জেমস বর্তমানে ফিলাডেলফিয়া সেভেন্টিসিক্সার্সের মূল আকর্ষণ। তবে ৪১ বছর বয়সী এই মহাতারকা থাকা সত্ত্বেও সেভেন্টিসিক্সার্স কিন্তু লিগের সবচেয়ে বয়স্ক দল নয়। তাদের স্কোয়াডের গড় বয়স ২৬.৮৮ বছর, যা ওয়ারিয়র্সের চেয়ে দুই বছরেরও বেশি কম।
লিগজুড়ে তরুণদের প্রাধান্য বাড়লেও চ্যাম্পিয়নশিপ জয়ের দৌড়ে অভিজ্ঞতার গুরুত্ব এখনো অপরিসীম। বিগত ৩১টি এনবিএ চ্যাম্পিয়ন দলের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র দুটি দলের প্লে-অফ স্কোয়াডের গড় বয়স লিগের তৎকালীন গড় বয়সের চেয়ে কম ছিল। প্রথমটি ২০০৯ সালের লস অ্যাঞ্জেলেস লেকার্স, যেখানে নিয়মিত মৌসুমে সবচেয়ে বেশি সময় খেলা চার খেলোয়াড়ই ছিলেন ২৬.৫ বছরের বেশি বয়সী। আর দ্বিতীয়টি ২০২৫ সালের ওকলাহোমা সিটি থান্ডার, যারা ২৬ বছর বয়সী শাই গিলজিয়াস-অলেকজান্ডারের নেতৃত্বে শিরোপা জেতে। সে সময় লিগের গড় বয়স ২৫.৮ থেকে থান্ডার স্কোয়াড ছিল সামান্য বেশি বয়সী।

