পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে ইজিবাইক দুর্ঘটনায় নাবিলা নুসরাত নামের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন। তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকা থেকে স্বামীসহ আরো দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকেলে একটি ইজিবাইকে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দেখতে যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় নাবিলার মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
আহত ডা. শুভ জানান, ইজিবাইকের চাকার নিচে একটি বিড়াল চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং দুর্ঘটনায় তার স্ত্রীসহ অন্যরা আহত হন। পরে স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৭: ০৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭: ০৫

