ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দিন্দোরি জেলায় মর্মান্তিক এক ঘটনায় ৩৫ বছর বয়সী রাজেন্দ্র বারৌটিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাড়িতে তৈরি বিস্ফোরক ডিভাইস, যা দেখতে অনেকটা প্রচলিত মিষ্টান্ন বা রসগোল্লার মতো ছিল, তা মুখে দেওয়ার পর সেটি বিস্ফোরিত হয়।
ঘটনাটি ঘটে গত ১০ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায়। রাজেন্দ্র বারৌটিয়া তার বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সাথে আগুনের পাশে বসে ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, তখন রামভগত বারৌটিয়া নামে এক প্রতিবেশী সেখানে এসে তাদের সাথে যোগ দেন। দিন্দোরি কোতোয়ালি থানার পরিদর্শক দুর্গা প্রসাদ নাগপুরে জানিয়েছেন, রাজেন্দ্র ডিভাইসটি কামড় দিলে সেটি বিস্ফোরিত হয় এবং তার মুখ ও চোয়ালে মারাত্মক জখম হয়।
পরিবার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গ্রামাঞ্চলে বন্য শুকর মারার জন্য সাধারণত এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়, যা 'পিগ বম্ব' নামে পরিচিত। এগুলো তৈরির জন্য আটার গোলার ভেতর বারুদ ভরা হয়, যা অনেক সময় বাজি বা খনি থেকে সংগ্রহ করা হয়। এই বিস্ফোরকগুলো এমনভাবে তৈরি করা হয় যেন কোনো প্রাণী এটি কামড় দিলে বা চাপ দিলে তা বিস্ফোরিত হয়।
পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। এই বিস্ফোরকটির পেছনে কাউকে হত্যার উদ্দেশ্য ছিল নাকি এটি নিছক দুষ্টুমি ছিল, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে জানিয়েছেন, এটি তদন্ত সাপেক্ষ বিষয়। বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে বিস্ফোরকটি কীভাবে সংগ্রহ করা হয়েছিল এবং এর সাথে অন্য কেউ জড়িত কি না।

