চার দশক ধরে উগান্ডা শাসন করা ৮২ বছর বয়সী প্রেসিডেন্ট ইয়োওয়েি মুসেভেনির ক্ষমতার উত্তরাধিকার নিয়ে দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। এই ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন প্রেসিডেন্টের ৫২ বছর বয়সী ছেলে এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল মুহুজি কেইনেরুগাবা। গত ১৫ মাসের মধ্যে অন্তত এক ডজন জেনারেল ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনায় উগান্ডার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই একে মুহুজির সম্ভাব্য প্রেসিডেন্ট হওয়ার পথে বাধাদানকারীদের সরিয়ে দেওয়ার এক কৌশল হিসেবে দেখছেন, যদিও সরকারের পক্ষ থেকে এটিকে দুর্নীতিবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে।
উগান্ডার রাজনৈতিক ময়দানে সাম্প্রতিক সময়ে ক্ষমতার এই টানাপোড়েন আরও প্রকাশ্যে আসে, যখন জেনারেল কেইনেরুগাবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেশের ভাইস-প্রেসিডেন্ট জেসিকা অলুপোকে বরখাস্ত ও গ্রেপ্তারের হুমকি দেন এবং নিজে ওই পদের দাবিদার হিসেবে বার্তা দেন। গত ৯ নভেম্বর রাতে দেওয়া এসব পোস্টে তিনি অলুপোর অনুগত নিয়ে প্রশ্ন তোলেন এবং হুমকি দেন যে তিনি ভাইস-প্রেসিডেন্ট হলে সরকার পরিচালিত হবে "সামরিক নিয়মে"। পরবর্তীতে পোস্টগুলো মুছে ফেলা হয় এবং প্রায় ১৪ লাখ অনুসারী থাকা তাঁর এক্স অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই বিষয়ে জেসিকা অলুপো এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সেনাবাহিনীর ভেতরের এই রেষারেষির পাশাপাশি ক্ষমতাসীন ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্টের (এনআরএম) ভেতরেও মুহুজির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিভাজন স্পষ্ট হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি এনআরএম-এর শীর্ষ নেতৃত্বের এক রুদ্ধদ্বার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়, যেখানে মুহুজিকে মুসেভেনির স্থলাভিষিক্ত করার প্রস্তাব তোলা হয়েছিল। বৈঠকে উপস্থিত থাকা পাঁচটি সূত্রের বরাতে এএফপি জানায়, একাধিক সদস্য প্রস্তাবের বিরোধিতা করায় শেষ পর্যন্ত ভোটাভুটি বাতিল করা হয়। বৈঠকে এক কর্মকর্তা পরামর্শ দেন যে, মুহুজিকে সামরিক বাহিনী থেকে অবসর দিয়ে কোনো অসামরিক দায়িত্বে এনে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া উচিত। স্থানীয় সংবাদমাধ্যম চিম্পরিপোর্টসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে অধিকাংশ সদস্য জেনারেলের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার পক্ষে থাকলেও অসামরিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া দলের অনেকেই মুসেভেনির ছোট ভাই জেনারেল সালিম সালেহকে অসামরিক নেতৃত্বের জন্য বেশি উপযুক্ত মনে করলেও তাঁর প্রেসিডেন্ট হওয়ার কোনো আগ্রহ দেখা যায়নি।
তবে এনআরএম-এর সাধারণ সম্পাদক রিচার্ড তোদওং আমানি এসব খবর প্রত্যাখ্যান করে বলেছেন, ১০ নভেম্বরের বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এনআরএম জ্যেষ্ঠ নেতৃত্ব মুহুজিকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে যে দাবি করা হয়েছে, তা "সম্পূর্ণ মিথ্যা" উল্লেখ করে তিনি জানান, দল সঠিক সময়ে সঠিক মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত ঘোষণা করবে। এর আগে সরকারি মুখপাত্র অ্যালান কাসুজা উত্তরাধিকার কেন্দ্রিক বিরোধের খবরকে "বাজে কথা" বলে উড়িয়ে দেন।
কানাডার ইয়র্ক বিশ্ববদ্যালয়ের উগান্ডান বংশোদ্ভূত রাজনৈতিক বিজ্ঞানী ড. জেরাল্ড বারিবে মনে করেন, এসব গ্রেপ্তার রাজনৈতিকভাবে প্রণোদিত এবং একে "মুহুজি প্রজেক্টের" অংশ বলে উল্লেখ করেন। তিনি জানান, যে সেনা কর্মকর্তারা এই প্রজেক্টের সমর্থক নন বলে মনে করা হচ্ছে, তাঁদের রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অভিযোগে আটক বা অভিযুক্ত করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে কয়েকজন পরবর্তীতে জেনারেল কেইনেরুগাবার ক্ষমা পেয়ে মুক্তি পেয়েছেন। বারিবের মতে, প্রেসিডেন্টের ছেলে এবং স্পেশাল ফোর্সেস কমান্ডের (এসএফসি) অনুগত অংশ সামরিক বাহিনীর ওপর আধিপত্য তৈরি করছে, যা সাধারণ সেনা কর্মকর্তাদের সাথে দূরত্ব বাড়াচ্ছে।
গ্রেপ্তার হওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হলেন সাবেক উপ-সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল পিটার এলওয়েলু। ইস্টার্ন টেসো অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত ২ নভেম্বর তাঁকে আটক করা হয়। এর আগে মুহুজি তাঁর এক্স অ্যাকাউন্টে এলওয়েলুকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাঁর র্যাঙ্ক কেড়ে নিয়ে তাঁকে 'প্রাইভেট' পদে অবনমিত করার কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণা সামরিক নিয়মের লঙ্ঘন কি না তা নিয়ে আইনি প্রশ্ন উঠলেও, পরে সেনাবাহিনী তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করে এবং তাঁর কাছ থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র, সামরিক পোশাক ও দুটি পিকআপ ভ্যান উদ্ধারের দাবি করে। তবে এলওয়েলুর পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে।
ডেইলি মনিটরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত আটক হওয়া কর্মকর্তাদের মধ্যে সাবেক তিন সামরিক গোয়েন্দা প্রধানও রয়েছেন। এদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান মেজর জেনারেল জেমস বিরুঙ্গিকে ২০২৫ সালের আগস্টে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সামরিক আদালতে অভিযুক্ত হওয়ার পর জেনারেল মুহুজি তাঁকে "ক্ষমা" করার কথা ঘোষণা করলে তিনি মুক্তি পান। আরেক সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অ্যাবেল কান্দিহোকে ভুল গোয়েন্দা তথ্য প্রদান ও বিশ্বাসঘাতকতার অভিযোগে গত সেপ্টেম্বরে আটক করা হয় এবং তিনি এখনো হেফাজতে রয়েছেন। তাঁর পূর্বসূরি ব্রিগেডিয়ার-জেনারেল চার্লস বাকাহুমুরাকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, তবে পরে সেনা প্রধানের ক্ষমায় তিনি মুক্ত পান। এছাড়া জ্বালানি চুরি এবং সামরিক যোগাযোগে আড়ি পাতার জন্য অর্থ নেওয়ার মতো অভিযোগেও অন্য কর্মকর্তাদের আটক করা হয়েছে।
তবে এসব গ্রেপ্তারকে সেনা শুদ্ধি অভিযান বলতে নারাজ উগান্ডার নিরাপত্তা বিশ্লেষক ফ্রেডি ডেভিড এগেসা। তিনি দাবি করেন, বিভিন্ন নিরাপত্তা সংস্থার সমন্বিত দুর্নীতিবিরোধী তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে উচ্চপদস্থ অভিযুক্তরা সাক্ষীদের প্রভাবিত করতে না পারেন। সেনাপ্রধান হিসেবে মুহুজি কমান্ডার-ইন-চিফ বা প্রেসিডেন্টের পরামর্শক্রমেই এসব আইনি পদক্ষেপ অনুমোদন করছেন বলে তিনি উল্লেখ করেন।
জেনারেল মুহুজি কেইনেরুগাবা ২০২৪ সালের মার্চে উগান্ডার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি এসএফসি-র প্রধান ছিলেন, যে বাহিনীটি প্রেসিডেন্ট ও রাষ্ট্রের কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। তিনি 'প্যাট্রিয়টিক লিগ অব উগান্ডা' নামে একটি রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং স্পষ্ট সংকেত দিয়েছেন যে ২০৩১ সালে তাঁর বাবার বর্তমান মেয়াদ শেষ হলে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। পারিবারিক শাসনের সিলমোহর আরও জোরালো করে সম্প্রতি তাঁর ছেলে রুহামিয়া ব্রিটেনের স্যান্ডহার্স্ট সামরিক একাডেমি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
১৯৮৬ সালে পাঁচ বছরের গেরিলা যুদ্ধ শেষে ন্যাশনাল রেজিস্ট্যান্স আর্মি নিয়ে ক্ষমতায় আসা মুসেভেনি এ বছর সপ্তম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে, দেশে বিরোধী দলের ওপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে। বিরোধী নেতা কিজ্জা বেসিগ্যে বর্তমানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বন্দি রয়েছেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ববি ওয়াইন সেনাপ্রধান মুহুজির হুমকির পর যুক্তরাষ্ট্রে নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। সামগ্রিকভাবে, শীর্ষ পর্যায়ে সেনা কর্মকর্তাদের ধারাবাহিক গ্রেপ্তার এবং পরিবারের ভেতরে ও বাইরে ক্ষমতার লড়াই ভবিষ্যৎ উগান্ডার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, তা নিয়ে দেশজুড়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

