ওয়াশিংটন ডি সির ঐতিহাসিক ইস্ট পোটোম্যাক পার্ক ও তার অন্তর্ভুক্ত গলফ কোর্স বন্ধে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। আগামী রোববার, ১৫ নভেম্বর থেকে পার্কটি বন্ধের দিন নির্ধারণ করা হয়েছিল। মার্কিন জেলা বিচারক অ্যানা রেইস রায়ে জানান, ট্রাম্প প্রশাসন ইস্ট পোটোম্যাক পার্ক বা এর গলফ কোর্স বন্ধ করতে পারবে না, তবে প্রশাসনকে এটি সক্রিয়ভাবে পরিচালনা করার প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ১৯২০-এর দশকে তৈরি এই সর্বসাধারণের জন্য উন্মুক্ত গলফ কোর্সটিকে নতুন রূপ দিয়ে গলফ কোর্স স্থপতি টম ফাজিওর নকশায় এক বিশ্বমানের চ্যাম্পিয়নশিপ কোর্সে রূপান্তর করার কথা রয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, নতুন নকশার কাজ শুরুর জন্য ১৫ নভেম্বর পার্কটি বন্ধ করে আগামী ১৫ মাসের মধ্যে নতুন চ্যাম্পিয়নশিপ কোর্স চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়। একটি স্থানীয় সংরক্ষণ গোষ্ঠী এবং দুজন স্থানীয় গলফারের দায়ের করা আবেদনের পক্ষে রায় দিয়ে বিচারক রেইস বলেন, পার্ক বন্ধের স্বপক্ষে সরকারের দেখানো কারণগুলো কেবল অছিলা বা প্রচ্ছদ মাত্র। আদালত মন্তব্য করেন যে ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার ধাপে ধাপে অন্যান্য অজুহাত সামনে আনছে।
বিতর্কিত এই পরিকল্পনা নিয়ে কয়েক মাস ধরে শুনানি পরিচালনা করছেন বিচারক রেইস। গত মাসে ন্যাশনাল পার্ক সার্ভিস বিচারককে অবহিত করে কোর্সের গাছ অপসারণের কথা জানায় এবং এক সপ্তাহান্তেই তারা ৫০০টির বেশি গাছ কেটে ফেলে। এর পরপরই বিচারক রেইস একটি আদেশ জারি করে আর কোনো গাছ কাটা নিষিদ্ধ করেন এবং ন্যাশনাল পার্ক সার্ভিসের যেকোনো ভবিষ্যৎ পদক্ষেপের তথ্য আগেভাগে আদালতকে জানাতে বিচার বিভাগকে বাধ্য করেন।
অন্যদিকে, শুক্রবারের এক শুনানিতে অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড জানান, টম ফাজিও বা তার কোনো সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন পরিকল্পনা ও চূড়ান্ত নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি সম্পাদিত হয়েছে এমন কথা শুনলে তিনি অত্যন্ত আশ্চর্য হবেন।
ট্রাম্পের ঘোষণার পর বিচার বিভাগ আদালতকে জানায়, স্বরাষ্ট্র বিভাগ শুধু গলফ কোর্সই নয়, ইস্ট পোটোম্যাক পার্কের মূল রাস্তা, খেলার মাঠ ও বিনোদনমূলক স্থানসহ পুরো পার্কজুড়ে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধের পরিকল্পনা করছিল। ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছিল, পারাপারের বাঁধ বা 'সি-ওয়াল'-এর ভঙ্গুর অবস্থা, গলফ কোর্সের নিরাপত্তা ঝুঁকি এবং পরিচালনা সংস্থা 'ন্যাশনাল লিংকস ট্রাস্ট' ১৫ নভেম্বর থেকে কাজ বন্ধ করে দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য অনুযায়ী, সি-ওয়াল মেরামতের কোনো তাত্ক্ষণিক পরিকল্পনা বর্তমানে নেই। গত সপ্তাহে ইউএস কমিশন অব ফাইন আর্টস-এ জমা দেওয়া এক প্রস্তাবে দেখা গেছে, নতুন সি-ওয়াল নির্মাণে ৩০০ মিলিয়ন ডলারের বেশি খরচ হবে এবং এতে অন্তত আড়াই বছর সময় লাগবে। ফলে কতদিন এই পার্ক বন্ধ থাকত তা অস্পষ্ট। সংরক্ষণ গোষ্ঠী ও গলফারদের আইনজীবীরা অভিযোগ করেন, প্রশাসন ইচ্ছে করে ১৫ নভেম্বর থেকে অপারেটরবিহীন পরিস্থিতি তৈরি করেছে এবং সংস্কারের প্রয়োজনকে ছুতো হিসেবে ব্যবহার করে পার্ক বন্ধের সিদ্ধান্তকে নতুন রূপ দিয়েছে।
বিচারক রেইসও বিচার বিভাগকে প্রশ্ন করেন, ১৫ নভেম্বর পার্ক বন্ধের প্রকৃত কারণ কি প্রেসিডেন্ট ট্রাম্পের গলফ কোর্স পুনর্নির্মাণের নির্দেশ নাকি দীর্ঘদিনের প্রয়োজনীয় মেরামত। বিচারক ক্ষোভ প্রকাশ করে সরকারকে প্রশ্ন করেন, "পরিস্থিতি যদি এতটাই জরুরি হতো, তবে ইস্ট পোটোম্যাক তাৎক্ষণিকভাবে বন্ধ করা হলো না কেন?" তিনি উল্লেখ করেন, মাত্র গত মাসেই মেরিন ক্রপস ম্যারাথনের হাজার হাজার দৌড়বিদ এই ইস্ট পোটোম্যাক পার্কের মধ্য দিয়েই দৌড়েছিলেন।
স্থপতি টম ফাজিওর নতুন নকশায় পুরো ইস্ট পোটোম্যাক পার্কজুড়ে নতুন কোর্স তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে উপদ্বীপের চারপাশের বিদ্যমান রাস্তা ও দক্ষিণ প্রান্তের বিনোদনমূলক স্থান বিলুপ্ত হবে। তবে সরকারি আইনজীবী গুস্তাভসন আদালতে দাবি করেন, পার্ক বন্ধ করা মানেই তাৎক্ষণিকভাবে কোর্স পুনর্নির্মাণ শুরু করা নয়। কারণ ন্যাশনাল পার্ক সার্ভিসকে এখনো পরিবেশ ও ঐতিহাসিক সংরক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় আইনি মূল্যায়ন চালিয়ে যেতে হবে। এছাড়া ফাইন আর্টস কমিশন এবং ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশন (এনসিপিসি)-কেও নিজস্ব পর্যালোচনা সম্পন্ন করতে হবে। আগামী ৩ ডিসেম্বর এনসিপিসি এই প্রস্তাবটি নিয়ে আলোচনার দিন ধার্য করেছে। গুস্তাভসন জোর দিয়ে বলেন, সংস্থাটি আইন মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এর পাশাপাশি, বিচারক রেইস স্বরাষ্ট্র বিভাগ, বিচার বিভাগ ও ন্যাশনাল পার্ক সার্ভিসের শীর্ষ কর্মকর্তারা আদালতের শুনানিতে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং নৈতিকতার বিধি লঙ্ঘন করেছেন কিনা তা নিয়ে পৃথক একটি তদন্ত শুরু করেছেন। সাবেক ওয়াশিংটন ডি সি ইউএস অ্যাটর্নি জেসি লিউকে এই তদন্তের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিচারক। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে, সরকারি আইনজীবীরা ন্যাশনাল পার্ক সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক জেসিকা বাওরন এবং ন্যাশনাল মল অ্যান্ড মেমোরিয়াল পার্কসের সুপারিনটেনডেন্ট কেভিন গ্রিসকে লিখিত ঘোষণায় কিছু তথ্য বাদ বা অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন কিনা। তবে এই ধরণের স্পেশাল মাস্টার নিয়োগের বিরোধীতা করছে মার্কিন বিচার বিভাগ।

