কলম্বিয়ার মধ্যবর্তী গ্রামীণ এলাকায় অবস্থিত একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চারজন শ্রমিক। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার উদ্ধারকারীরা খনির ভেতর থেকে সবশেষ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন। এর আগের দিন শনিবার অপর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
ঘটনাটি ঘটেছে রাজধানী বোগোতা থেকে প্রায় ১৪৯ মাইল বা ২৪০ কিলোমিটার উত্তরে বোয়াকা অঞ্চলের চিতা নামক পৌরসভায়। স্থানীয় চিতা পৌর কর্তৃপক্ষ খনিটির নাম লা ভিক্টোরিয়া কয়লা খনি হিসেবে শনাক্ত করেছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে খনি থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা গেছে।
দেশটির ন্যাশনাল মাইনিং এজেন্সি জানিয়েছে, খনিটিতে অনুসন্ধান ও উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে, তবে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। খনি কর্তৃপক্ষ ইতিমধ্যে সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে। খনিটির অপারেটরের নাম প্রকাশ না করা হলেও সংস্থাটি নিশ্চিত করেছে যে, খনিটি আইন অনুযায়ী যথাযথভাবে নিবন্ধিত ছিল।
ন্যাশনাল মাইনিং এজেন্সি সতর্ক করে বলেছে যে, কয়লা খনিতে গ্যাস ও ধূলিকণা জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কলম্বিয়ার মধ্যবর্তী অঞ্চলে ছোট আকারের অনেক কয়লা ও পান্না খনি থাকায় সেখানে নিয়মিতই এ ধরনের খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়। এদিকে, রবিবার বোয়াকা অঞ্চলের আরেকটি খনিতে পাথর ধসে এক শ্রমিকের মৃত্যুর খবরও জানিয়েছে মাইনিং এজেন্সি।

