বিশ্ববাজারে আবারো জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। মূলত হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুনরায় বাড়তে শুরু করায় বাজারে এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
তবে এই কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে ইরান।
বাজারের তথ্যানুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৪ সেন্টে নেমে এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫ ডলার ৭২ সেন্টে দাঁড়িয়েছে।

