হিউস্টন টেক্সানসের তারকা ওয়াইড রিসিভার ট্যাংক ডেল দীর্ঘদিনের হাঁটুর ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ২০২৫ সালের পুরো মৌসুম মিস করার পর, চলতি বছরই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আমেরিকান ফুটবল লিগে (এনএফএল) আর কোনো ম্যাচ খেলেননি ডেল। চলতি সপ্তাহে টেক্সানসের ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার সবুজ সংকেত পেলেও, আপাতত তিনি দলের সাথে নয়, বরং আলাদাভাবে ব্যক্তিগত ওয়ার্কআউট করছেন।
ডেলের এই ফেরা নিয়ে টেক্সানসের প্রধান কোচ ডেমেকো রাইয়ান্স জানিয়েছেন, এই ওয়াইড রিসিভারকে নিয়ে তারা তাড়াহুড়ো করতে চান না এবং তিনি নিজস্ব একটি 'র্যাম্প-আপ শিডিউল' বা ধাপে ধাপে ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। রাইয়ান্স বলেন, "ট্যাংককে আবারও ট্রেনিং ক্যাম্পে ফিরে পেতে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। সে তার নিজস্ব পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তবে তাকে ফিরে পাওয়াটাই দারুণ ব্যাপার। সে মাঠে নামার জন্য মুখিয়ে আছে এবং ট্যাংক খুবই একজন বুদ্ধিমান খেলোয়াড়।" তিনি আরও যোগ করেন, "মাঠে ট্যাংক কতটা দুর্দান্ত ছিল তা আমরা সবাই জানি। তবে সে প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ফুটবল খেলেনি, তাই তার জন্য এই অনুশীলনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
ট্যাংক ডেলের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ২০২৩ সালে তিনি একটি দারুণ মৌসুম কাটিয়েছিলেন। সেবার ১১টি ম্যাচে ৭০৯ রিসিভিং ইয়ার্ড এবং ৭টি টাচডাউন করেছিলেন তিনি। এরপর ২০২৪ সালে ইনজুরিতে পড়ার আগে তিনি ৬৬৭ ইয়ার্ড এবং ৩টি টাচডাউন করেন। কোচ ডেমেকো রাইয়ান্স চান ডেল যেন যত বেশি সম্ভব অনুশীলনে অংশ নিয়ে নিজের ফিটনেস ফিরিয়ে আনেন। আগামী সপ্তাহের পর ডেলের পূর্ণ সক্ষমতায় মাঠে ফেরার বিষয়ে আরও স্পষ্ট পরিকল্পনা করা যাবে বলে জানান তিনি।
রাইয়ান্স বলেন, "দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তার জন্য প্রতিটি অনুশীলনে অংশ নেওয়া জরুরি। আমার লক্ষ্য হলো তাকে যতটা সম্ভব ফুটবলের মধ্যে রাখা এবং ধীরে ধীরে প্রস্তুত করা, যাতে সে দলের মূল ড্রিলগুলোতে অংশ নিতে পারে। আগামী সপ্তাহে তার অগ্রগতি দেখে আমরা সিদ্ধান্ত নেব সে পুরোপুরি মাঠে নামতে পারবে কিনা।" বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ট্রেনিং ক্যাম্পে ডেলের এই ধীরগতির পুনর্বাসন প্রক্রিয়ার অর্থ হলো, নিয়মিত মৌসুমের প্রথম সপ্তাহে (উইক ১) টেক্সানসের হয়ে হয়তো তাকে পূর্ণকালীন ভূমিকায় দেখা যাবে না।

