অক্টোবর মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার ব্রাসেলসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ২৭টি দেশের এই জোটের ইতিহাসে এটিই প্রথম কোনো সাইবার হামলা, যেখানে এআই প্রযুক্তি ব্যবহারের তথ্য পাওয়া গেছে। হামলার পেছনে কারা রয়েছে বা এর বিস্তারিত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র থমাস রেগনিয়ার জানিয়েছেন, এআই-সহায়ক টুলগুলো সাধারণত দুর্বলতা খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়, তবে এক্ষেত্রে সেগুলোর অপব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অনেক সাইবার হামলার ঘটনা ঘটছে এবং কেউ এর ঝুঁকির বাইরে নয়।
গত ২২ অক্টোবর ইইউ প্রথম এই হামলার বিষয়টি শনাক্ত করে। এরপর কর্তৃপক্ষ তদন্ত শুরু করার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। হামলার স্থায়িত্ব সম্পর্কে পলিটিকোর প্রতিবেদনে অন্তত ১০ দিন স্থায়ী হওয়ার কথা বলা হলেও, রেগনিয়ার সরাসরি তা নিশ্চিত করতে অস্বীকার করেছেন।
হামলার প্রভাবে ইইউ’র অনুবাদ ও অর্থ পরিশোধের টুল এবং বেতন ও সময়সূচী সংক্রান্ত ডাটাবেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেগনিয়ার জানিয়েছেন, নিরাপত্তার খাতিরে বেশ কিছু অ্যাপ্লিকেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যার বেশিরভাগই এখন পুনরায় চালু করা হয়েছে। তবে কমিশনের কর্মীদের তথ্যের কোনো বড় ধরনের চুরির প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে তিনি দাবি করেছেন। ইইউ’র বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা সংস্থা সিইআরটি-ইইউ এই বিষয়টি পর্যবেক্ষণ করছে, যারা ব্রাসেলসে প্রায় ৪০ হাজার কর্মীর নিরাপত্তা দেখভাল করে।

