রাজধানী ঢাকার আজমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আজমপুরের ইরানি মাঠ থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে রাত ১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম অভিনেতা তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটকের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আটকের কারণ প্রসঙ্গে ডিবির একটি সূত্র জানিয়েছে, আটক অভিনেতা তমাল মাহবুবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে এবং একইসঙ্গে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালিয়ে আসার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

