ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকোট জোট আলোচনার জন্য দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থী ইয়াশার পার্টি জানিয়েছে, আগামী রোববার থেকে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। দলটির মতে, এই পদক্ষেপটি একটি বিস্তৃত সরকার গঠনের জন্য তাদের আন্তরিক প্রতিশ্রুতির প্রতিফলন।
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো ব্লকই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আগামী মাস পর্যন্ত সময় রয়েছে। ইয়াশার পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন সরকার গঠনের সব বিকল্প যাচাই করার অংশ হিসেবে আইজেনকোট দলের আলোচনা দলকে লিকুদ পার্টির সমকক্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার নির্দেশ দিয়েছেন।
এদিকে, আইজেনকোটের শিবিরে জোট গঠন নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। তারা অতি-রক্ষণশীল দল, আরব-প্রধান তালিকা অথবা নেতানিয়াহুর ব্লকের সঙ্গে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন—এসব বিষয় নিয়ে অভ্যন্তরীণ আলোচনার মধ্যে রয়েছে। তবে আইজেনকোটের শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইজেনকোটের নেতৃত্বে একটি জায়নবাদী ঐক্যমত্যের সরকারের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, তার দল নেতানিয়াহু বা তার ব্লকের সঙ্গে যোগ দেবে না।
অন্যদিকে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই একটি জাতীয় ঐক্যমত্যের সরকারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সরকার প্রয়োজন। আইজেনকোটের ঘোষণার পর লিকুদ পার্টি তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ এবং রাজনৈতিক বয়কট বন্ধের দাবি জানিয়েছে। এছাড়া, ইসরায়েলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে সমর্থনকারী দলগুলোর সমন্বয়ে ঐক্যমত্যের সরকার গঠনের পক্ষে মত দিয়েছে লিকুদ, যেখানে কোনো আরব দলের অংশগ্রহণ থাকবে না বলে তারা শর্ত দিয়েছে।
লিকুদ পার্টির পক্ষ থেকে সরকার গঠনের কিছু রূপরেখা প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং আল্ট্রা-অর্থোডক্সদের সামরিক বাহিনীতে নিয়োগের বিষয়ে সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একটি বিস্তৃত চুক্তি। আইজেনকোট জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে আগ্রহী হলেও, খোদ নেতানিয়াহুর নেতৃত্বে কোনো সরকারে যোগ দিতে রাজি নন।
শুক্রবার আইজেনকোট অঙ্গীকার করেছেন যে, জোট গঠনের আলোচনা যেন দীর্ঘায়িত না হয় সে বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন। যদি বিস্তৃত সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে তিনি জাতীয় জরুরি ভিত্তিতে একটি সংখ্যালঘু সরকার গঠনের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।

