আইএলটি২০ সিজন ৫-এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জয় দিয়ে আসর শুরু করেছে এমআই এমিরেটস। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে দলটি ৫২ রানের ব্যবধানে হারিয়েছে ডেজার্ট ভাইপার্সকে। এর মাধ্যমে সিজন ৪-এর ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিলো কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন দলটি।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে এমআই এমিরেটস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন কুশল পেরেরা। ৪০ বলে খেলা তার এই ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। এছাড়া মুহাম্মদ ওয়াসিম ৩০ বলে ৪১ রান এবং নিকোলাস পুরান ৩২ রান করেন। ডেজার্ট ভাইপার্সের পক্ষে নাসিম শাহ ২৪ রানে ২ উইকেট এবং খুজাইমা তানভীর ৪০ রানে ২ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে এমআই এমিরেটসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে ছিল ডেজার্ট ভাইপার্স। ইনিংসের শুরুতেই ফখর জামানের উইকেট হারিয়ে বিপাকে পড়া দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। জো ক্লার্ক ২৮ বলে ৩৫ রান করে দলের পক্ষে সর্বোচ্চ চেষ্টা চালালেও মিডল অর্ডারে ১৭ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় ভাইপার্স। ক্রিস জর্ডান ১৯ রানে ৪ উইকেট এবং জহুর খান মাত্র ১৩ রানে ৩ উইকেট নিয়ে জয়ের মূল কারিগর ছিলেন।
ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতা কুশল পেরেরা বলেন, আমি সবসময় নিজের শক্তির ওপর আস্থা রেখেছি এবং গত দুই-তিন বছর ধরে এ নিয়ে কাজ করছি। লিগের চাপে নিজেদের মেলে ধরা কঠিন হলেও দলের ব্যবস্থাপনা আমাদের সবসময় স্বাভাবিক খেলার উৎসাহ দেয়।
ডেজার্ট ভাইপার্সের অধিনায়ক শাদাব খান হারের কারণ হিসেবে বোলারদের শুরুর দিকের আলগা বোলিংকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রথম ১০ ওভারে আমরা খুব ঢিলেঢালা বোলিং করেছি এবং অনেক রান দিয়ে ফেলেছি, তবে পরে দল হিসেবে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। পিচ দ্বিতীয় ইনিংসে কিছুটা মন্থর ছিল। নাসিম শাহর মতো বোলার যে মানের, তা সে পুরো বছরই প্রমাণ করে আসছে।

