ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতের বেলা রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও জরুরি উদ্ধারকারী দলের পক্ষ থেকে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাজধানী কিয়েভের আশেপাশের বেশ কয়েকটি বেসামরিক বসতি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে দাইমার এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনে রাতের বেলা আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। আঞ্চলিক কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, এই হামলায় অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। তিনি সোমবার টেলিগ্রামে জানান, ধ্বংসস্তূপ থেকে অষ্টম মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে। প্রথম সারির উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আরও ১১ জন বাসিন্দার সন্ধানে কাজ করছেন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
কিয়েভের আরও দক্ষিণে ভিশনেভ এলাকায় একটি সুপারমার্কেটে রাশিয়ার হামলায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বিয়া তসের্কভা এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেটি অগ্নিকাণ্ডের শিকার হয়, যার ফলে আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এদিকে, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আঘাত হানার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী সের্গেই কোরেতস্কি।

