গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বর্তমান সরকার জনগণকে পাশে পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে অপচেষ্টা করছেন, তা কোনোভাবেই সফল হবে না। দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কৌশল হিসেবেই পলাতক শেখ হাসিনা দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চালাচ্ছেন।
গোপালগঞ্জসহ সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরপার্কে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল সরকার ও প্রশাসনকে সতর্ক করেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড অবিলম্বে কঠোর হাতে দমন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো আবারও ছাত্র-জনতা দেশকে স্থিতিশীল রাখতে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
সমাবেশ কর্মসূচি শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরপার্ক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

