আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের অফস্পিনার বি অখিলেশ রেড্ডি। আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তাকে তিনটি পৃথক অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।
অভিযোগগুলো মূলত ২০২৫-২৬ সালের আবুধাবি টি১০ টুর্নামেন্টকে কেন্দ্র করে। এই টুর্নামেন্টে অখিলেশ রেড্ডি 'অ্যাসপিন স্ট্যালিয়নস'-এর হয়ে দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন। গত নভেম্বরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং আইসিসির দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারায় অভিযুক্ত করা হয়।
অভিযোগগুলো হলো: ধারা ২.১.১ অনুযায়ী, ২০২৫ সালের আবুধাবি টি১০ টুর্নামেন্টের ম্যাচের ফলাফল বা গতিপ্রকৃতি প্রভাবিত করার চেষ্টা করা। ধারা ২.১.৪ অনুযায়ী, অন্য কোনো অংশগ্রহণকারীকে এই ধরনের দুর্নীতিতে প্ররোচিত বা সহায়তা করার চেষ্টা করা। এবং ধারা ২.৪.৭ অনুযায়ী, তদন্তের স্বার্থে প্রাসঙ্গিক তথ্য ও মেসেজ মোবাইল থেকে মুছে ফেলে তদন্ত কাজে বাধা দেওয়া।
এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছিল। সেই তদন্তের ভিত্তিতেই ট্রাইব্যুনাল অখিলেশকে দোষী সাব্যস্ত করে। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা গত ২১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে, যেদিন থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। অখিলেশ রেড্ডি ২০২৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং যুক্তরাষ্ট্রের হয়ে মোট চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

