নারী এশিয়া কাপ ২০২৬ এবং ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৭ আগস্ট) ঘোষিত এই স্কোয়াডে ফিরেছেন টপ-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা শারমিনকে দলে নেওয়া হয়েছে তাজ নেহারের জায়গায়, যিনি সর্বশেষ বিশ্বকাপে দলের অংশ ছিলেন।
বিসিবি নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, দলের ওপেনিং পজিশন শক্তিশালী করতেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, আমরা তাজকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে ব্যর্থ হয়েছে। সেই কারণেই শারমিনকে দলে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া আমাদের আরেক ওপেনার দোলাও (দিলারা আক্তার) রানের মধ্যে নেই, তাই দলে বাড়তি একজন ওপেনার রাখা প্রয়োজন ছিল।
ঘোষিত বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৮ আগস্ট নারী এশিয়া কাপ শুরু হবে। গ্রুপ বি-তে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর আমিরাতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
এশিয়া কাপ শেষে বাংলাদেশ দল জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে অংশ নেবে। ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে প্রথম কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই পর্বে জয়ী হলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ভারত অথবা জাপান। সেমিফাইনাল জয়ীরা স্বর্ণপদকের জন্য এবং পরাজিতরা ব্রোঞ্জ পদকের জন্য ২২ সেপ্টেম্বর মাঠে নামবে।

