২০২৭ সালের অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান ইংল্যান্ড সফর করবে। এই সফরে দুই দল পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজটি শুরু হবে ২০২৭ সালের ১৫ মে সাউদাম্পটনে। এরপর ১৯ মে ম্যানচেস্টার, ২১ মে লিডস, ২৩ মে চেস্টার-লি-স্ট্রিট এবং ২৬ মে কার্ডিফে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এর আগে পাকিস্তানের এই সফরটি তাদের প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০২১ সালে পাকিস্তান শেষবার ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলেছিল, যেখানে স্বাগতিক ইংল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী হয়েছিল।
উল্লেখ্য যে, পাকিস্তান বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে যেখানে তারা দুটি টেস্ট ম্যাচ খেলছে। এছাড়া আগামী মাসে পাকিস্তান ইংল্যান্ড সফরে যাচ্ছে, যেখানে ১৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

