বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে সাম্প্রতিক সময়ে আসা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং দখলের হুমকিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশবিরোধী উসকানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিডিপি চেয়ারম্যান বিবৃতিতে বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যে প্রত্যর্পণ প্রক্রিয়া থেকে স্বেচ্ছায় ফেরার বিষয়টিকে যেভাবে আলাদা করে দেখানো হয়েছে, তা বাংলাদেশের ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়াকে পাশ কাটানোর সুযোগ তৈরি করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় এবং প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধকে যথাযথ গুরুত্ব দিয়ে ভারতের দায়িত্বশীল আচরণ করা উচিত বলে তিনি মনে করেন।
পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশবিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বাংলাদেশ দখল করার প্রকাশ্য হুমকিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এ কে এম আনোয়ারুল ইসলাম চান। তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। বাংলাদেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদাকে চ্যালেঞ্জ করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো রাষ্ট্রের করুণা বা অনুগ্রহে স্বাধীন হয়নি। দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ সবসময় ঐক্যবদ্ধ। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে কোনো ধরনের আধিপত্যবাদ, হুমকি কিংবা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাশত করবে না। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

