ফুটবলকে বিদায় জানানোর এক মাসের মধ্যেই নতুন এক ভূমিকায় দেখা যাবে ইতালির সাবেক তারকা স্ট্রাইকার চিরো ইম্মোবিলেকে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) নিশ্চিত করেছে যে, ৩৬ বছর বয়সী এই সাবেক ফুটবলার দেশটির অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের ডেলিগেশন চিফ বা প্রতিনিধি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত আগস্টে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইম্মোবিলে। ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস এফসির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও তিনি বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন। অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর মাঠের বাইরের কোনো দায়িত্বে এটিই তাঁর প্রথম কাজ। অনূর্ধ্ব-১৬ দলের প্রধান কোচ জিওভানি কস্তান্তিনোর নেতৃত্বাধীন কোচিং স্টাফের অংশ হিসেবে কাজ করবেন তিনি।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ফুটবলে ৫৯৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৩০৬টি গোল করেছেন ইম্মোবিলে। এছাড়া ইতালির জাতীয় দলের হয়ে ৫৭ ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ১৭টি গোল। ২০২১ সালের গ্রীষ্মে কোচ রবার্তো মানচিনির অধীনে ইতালির ইউরো ২০২০ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ইতালিয়ান সেরি আ-তে চারটি ভিন্ন মৌসুমে সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়া ইম্মোবিলে ২০১ গোল নিয়ে এই টুর্নামেন্টের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এফআইজিসি-র ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইম্মোবিলে বলেন, "ফুটবল আমাকে যা দিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার সময় এখন এসেছে। তরুণ ছেলেদের সঙ্গে কাজ করার এই সুযোগটি আমার জন্য খেলায় ফেরার দারুণ একটি মাধ্যম। সবচেয়ে বড় কথা হলো, মাঠ ও মাঠের বাইরে আমি যা শিখেছি, তা তাদের মাঝে ছড়িয়ে দিতে পারব। আমি মনে করি অভিজ্ঞতার একটি বিশাল মূল্য রয়েছে, বিশেষ করে যারা জাতীয় দলের হয়ে তাদের প্রথম যাত্রা শুরু করছে।"
সুযোগটি দেওয়ার জন্য দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জিওভান্নি মালাগোকে ধন্যবাদ জানিয়ে ইম্মোবিলে বলেন, "কোভারচিয়ানোতে ফিরে আসাটা আমার জন্য অত্যন্ত বিশেষ এক অনুভূতি হবে।" আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার এবং ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোভারচিয়ানোতে স্পেনের বিপক্ষে দুটি ম্যাচে ইতালির অনূর্ধ্ব-১৬ দলের প্রতিনিধি প্রধান হিসেবে অভিষেক হবে ইম্মোবিলের।

