তুরস্কে জাতিসংঘের সিওপি৩১ জলবায়ু সম্মেলনের দুই সপ্তাহব্যাপী আলোচনার মধ্যভাগে পৌঁছে একটি অগ্রাধিকারভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আয়োজক দেশগুলোর প্রকাশিত এই তালিকায় চূড়ান্ত রাজনৈতিক চুক্তিতে স্থান পেতে পারে এমন বিষয়গুলোর মধ্যে বিতর্কিত 'জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার' প্রস্তাবটিকে আবার আলোচনার কেন্দ্রে আনা হয়েছে। সহ-আয়োজক তুরস্কের পাশাপাশি আলোচনার নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়া অংশগ্রহণকারী দেশগুলোর সর্বসম্মত সম্মতির ভিত্তিতে 'কাভার ডিসিশন' নামে একটি বিস্তৃত রাজনৈতিক চুক্তির জোর চেষ্টা চালাচ্ছে।
সম্মেলনের প্রথম সপ্তাহের শেষে শুক্রবার অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল 'সামারি অব রিফ্লেকশনস' শীর্ষক একটি নথি প্রকাশ করেছে। এতে বিভিন্ন দেশের উত্থাপিত প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করা হলেও কোন দেশ কোন প্রস্তাব দিয়েছে তা গোপন রাখা হয়েছে। এতে ধনী, উন্নয়নশীল এবং তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের বৈষম্য ও বিরোধের চিত্র ফুটে উঠেছে। সিওপি৩১ সম্মেলনের সম্ভাব্য চুক্তির একটি প্রথম খসড়া আগামী সোমবারে প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও ঐক্যমত্যে পৌঁছানো এখনও বড় চ্যালেঞ্জ।
জলবায়ুবিষয়ক থিঙ্কট্যাঙ্ক ইথ্রিজি (E3G)-এর বিশেষজ্ঞ অলডেন মেয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাভার ডিসিশনে কী কী বিষয় থাকতে পারে সে বিষয়ে নানা ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে আসল প্রশ্ন হলো বিভিন্ন দেশের বিপরীতমুখী অবস্থানের পর শেষ পর্যন্ত কোন বিষয়গুলো টিকে থাকতে পারবে। তিনি সতর্ক করে বলেন, অস্ট্রেলীয় দলকে অত্যন্ত সাবধানে এগোতে হবে, কারণ রাশিয়া ও আরব গ্রুপসহ কয়েকটি দেশ এ ধরনের সর্বাত্মক চুক্তির কোনো আইনগত আইনি ভিত্তি বা ম্যান্ডেট নেই বলে দাবি করছে।
প্রকাশিত প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম মূল বিষয়টি হলো জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি পরিহার বা এর ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসা। ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত সিওপি২৮ সম্মেলনে কঠিন দরকষাকষির পর এই প্রতিশ্রুতিতে সই করেছিল দেশগুলো। কিন্তু পরবর্তী সময়ে আজারবাইজানের সিওপি২৯ এবং ব্রাজিলের সিওপি৩০ সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে স্পষ্ট করে এই শব্দের উল্লেখ রাখা হয়নি। তেল উৎপাদনকারী দেশগুলো এই ভাষার তীব্র বিরোধিতা করেছিল বলে অভিযোগ রয়েছে।
সম্মেলনে উত্থাপিত অপর একটি প্রস্তাবে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও অবকাঠামো শক্তিশালী করতে অ্যাডাপটেশন বা অভিযোজন অর্থায়ন তিনগুণ করার আহ্বান জানানো হয়েছে। তবে তুরস্কের আনতালিয়ার এই সম্মেলনে অতিরিক্ত অর্থায়নের ক্ষেত্রে নিজস্ব রাজনৈতিক অনিচ্ছার কথা পুনর্ব্যক্ত করে সতর্ক বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা অতিক্রমের ঝুঁকিতে থাকায়, আন্তর্জাতিক সম্প্রদায় তাপমাত্রা বাড়ার হার ও স্থায়িত্ব কমানোর প্রস্তাব তুলে ধরেছে। পাশাপাশি জাতিসংঘের জলবায়ু বিজ্ঞান সংস্থা 'আইপিসিসি'-র কেন্দ্রীয় ভূমিকা শিকার করার ওপর জোর দেওয়া হয়েছে। প্রায় ২০০টি দেশের অংশগ্রহণ থাকা এই সংস্থার পরবর্তী প্রধান মূল্যায়ন প্রতিবেদন ২০২৮ সালের জলবায়ু সম্মেলনের আগেই প্রকাশের দাবি জানিয়েছে অনেক দেশ। তবে সৌদি আরব, ভারত ও চীন যুক্তি দিয়েছে যে উন্নয়নশীল দেশগুলোর বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য অন্তর্ভুক্ত করতে আরও সময়ের প্রয়োজন, তাই তারা ২০২৯ সালে এটি প্রকাশের পক্ষে মত দিয়েছে।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ নভেম্বর সিওপি৩১ সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। তবে আন্তর্জাতিক জলবায়ু আলোচনার অতীত ইতিহাস অনুযায়ী, প্রায়শই নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

