রাজধানীর জিগাতলায় অবস্থিত ‘ঢাকা রেসিডেন্সি’ নামক একটি আবাসিক হোস্টেলের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের বিরুদ্ধে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বেলা আড়াইটার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীদের দীর্ঘসময় আটকে রাখার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আহত এক শিক্ষার্থী বর্তমানে ধানমন্ডির পপুলার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার সকালে তাদের রুমমেট অপূর্বের একটি সাইকেল চুরি হয়। বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানালে তারা সিসিটিভি ফুটেজ দেখার সুযোগ দিতে অস্বীকৃতি জানায় এবং ক্যামেরা নষ্ট বলে দাবি করে। পরে ফুটেজ দেখানোর প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের অন্যত্র নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনা হয় এবং হোস্টেল কমিটির লোকজনের সঙ্গে কথা বলার কথা বলা হয়।
পরবর্তীতে হোস্টেল ম্যানেজার ও মালিকের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হোস্টেল কর্তৃপক্ষ তাদের ব্যক্তিগত জিনিসপত্রের নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করে। এই পর্যায়ে রাকিব নামে এক শিক্ষার্থী মুঠোফোনে ঘটনাটি ভিডিও ধারণ করতে শুরু করলে হোস্টেল কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়। ভুক্তভোগীদের ভাষ্যমতে, রাকিবের ফোনটি জোর করে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় হোস্টেল মালিক, ম্যানেজার ও কর্মচারীরা মিলে শিক্ষার্থীদের মারধর শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, মারধর করতে করতে তাদের গেটের দিকে নিয়ে যাওয়া হয় এবং গেট বন্ধ করে বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। এতে রাকিবের মাথা ফেটে যায় এবং অন্য শিক্ষার্থীর নাক ও হাতে আঘাত লাগে। এ সময় তাদের কাছে থাকা আইফোনসহ বেশ কয়েকটি মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগও করেছেন তারা। ঘটনার পর শিক্ষার্থীদের হুমকি দেওয়া হয় যেন তারা দ্রুত হোস্টেল ছেড়ে চলে যায়। পরবর্তীতে তারা ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাসে আশ্রয় নেন। তবে এই বিষয়ে ঢাকা কলেজ উপাধ্যক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০২: ৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০২: ৫১

