অবসর পরিকল্পনার জগতে '৪ শতাংশ নিয়ম' অত্যন্ত জনপ্রিয় একটি সূত্র। ১৯৯৪ সালে আর্থিক পরামর্শদাতা বিল বেঞ্জেন এই নিয়মটি তৈরি করেন। নিয়মটি অনুযায়ী, অবসরের প্রথম বছরে আপনার জমানো তহবিলের ৪ শতাংশ খরচ করতে হবে এবং পরবর্তী বছরগুলোতে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে একই পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, এই নিয়মটি সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে না।
প্রথমত, বিনিয়োগের খরচ বা ফি এই নিয়মের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। যদি কোনো বিনিয়োগকারী তার পোর্টফোলিও পরিচালনার জন্য আর্থিক পরামর্শদাতাকে ১ শতাংশ ফি দেন এবং পাশাপাশি মিউচুয়াল ফান্ডের জন্য আরও ১ শতাংশ খরচ করেন, তবে বার্ষিক ২ শতাংশ রিটার্ন খরচ হিসেবেই চলে যাচ্ছে। ইনভেস্টোপিডিয়ার এডিটর ইন চিফ ক্যালেব সিলভারের মতে, উচ্চ ফি এবং সক্রিয়ভাবে পরিচালিত ফান্ডে বিনিয়োগ করলে লাভের একটি বড় অংশ ফি হিসেবেই হারিয়ে যায়।
দ্বিতীয়ত, বাজারের অনিশ্চয়তা একটি বড় ঝুঁকি। বেঞ্জেন এই নিয়মটি ১৯২৬ থেকে ১৯৭৬ সালের বাজারের তথ্যের ভিত্তিতে তৈরি করেছিলেন। কিন্তু বর্তমানের বাজার পরিস্থিতি অতীতে যেমন ছিল, ভবিষ্যতে তেমন নাও থাকতে পারে। ভ্যানগার্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ বছরে মার্কিন শেয়ার বাজারের বার্ষিক রিটার্ন ৪.৯ থেকে ৬.৯ শতাংশের মধ্যে থাকতে পারে, যা গত কয়েক দশকের তুলনায় অনেক কম। দ্য মটলি ফুলের সিনিয়র অবসর পরামর্শদাতা রবার্ট ব্রোক্যাম্পের মতে, গত ৩০-৫০ বছরের মতো একই রকম রিটার্ন ভবিষ্যতেও পাওয়া যাবে, এমনটা ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ।
তৃতীয়ত, অবসরের সময়কাল প্রত্যাশার চেয়ে বেশি হতে পারে। এমপ্লয়ি বেনিফিট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, কর্মীরা সাধারণত ৬৫ বছর বয়সে অবসরে যাওয়ার পরিকল্পনা করলেও বাস্তবে ৬২ বছরেই অবসর নেন। এছাড়া মানুষের গড় আয়ু বাড়ছে, ফলে অবসরের সময়কাল ৩০ বছরের বেশি হতে পারে। অনেক ক্ষেত্রে তা ৪০ বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে, যা ৪ শতাংশ নিয়ম অনুযায়ী জমানো তহবিলকে টিকিয়ে রাখা কঠিন করে তোলে।
চতুর্থত, বয়স বাড়ার সাথে সাথে আর্থিক সক্ষমতা ও সচেতনতায় ভাটা পড়া একটি বড় সমস্যা। টিআইএএ ওয়েলথ ম্যানেজমেন্টের ডগ অর্নস্টেইনের মতে, বয়স্করা পোর্টফোলিও পরিচালনার মতো জটিল সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে পারেন। এছাড়া বয়স্ক ব্যক্তিরা সাইবার স্ক্যাম বা আর্থিক জালিয়াতির শিকার হওয়ার ঝুঁকিতেও থাকেন, যা তাদের জমানো পুরো তহবিল নষ্ট করে দিতে পারে।
সবশেষে, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবার বিশাল খরচ ৪ শতাংশ নিয়মে হিসাব করা কঠিন। বোস্টন কলেজের সেন্টার ফর রিটায়ারমেন্ট রিসার্চের তথ্যমতে, ৮০ শতাংশেরও বেশি মানুষের জীবনের কোনো না কোনো পর্যায়ে দীর্ঘমেয়াদী সহায়তার প্রয়োজন হয়। এছাড়া অবসরের শুরুতে ভ্রমণ বা শখের কাজে বেশি খরচ হলেও শেষ জীবনে চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় হয়। অর্নস্টেইনের মতে, ৪ শতাংশ নিয়মটি মূলত স্থির খরচের কথা বলে, কিন্তু বাস্তবে অবসরের খরচ সময়ের সাথে পরিবর্তিত হয়।
