যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে তীব্র দাবদাহের মধ্যে গাড়ি কাদায় আটকে যাওয়ায় ৬৮ বছর বয়সী পিয়েরে মিশেল ফরমোসা নামের এক ফরাসি পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তাপমাত্রা ছিল ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস (১১৬ ডিগ্রি ফারেনহাইট)।
গত সোমবার ফরমোসা তার এক ফরাসি ভ্রমণসঙ্গীর সাথে ডেথ ভ্যালির ওয়েস্ট সাইড রোড দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাদের গাড়িটি কাদার মধ্যে আটকে যায়। ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য অনুযায়ী, তারা সাহায্যের খোঁজে লবণাক্ত সমভূমির ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেন। তবে প্রচণ্ড গরমের কারণে ১.৩ মাইল পথ পাড়ি দেওয়ার পর ফরমোসা আর হাঁটতে পারেননি।
পরে তার ভ্রমণসঙ্গী নিকটস্থ অন্য একজন চালকের সাহায্য নিতে সক্ষম হন। খবর পাওয়ার পর রেঞ্জার ও পুলিশ সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ফরমোসাকে খুঁজে পান, তবে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের সুপারিনটেনডেন্ট মাইক রেনল্ডস এক বিবৃতিতে বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা যা মনে করিয়ে দেয় যে এখানকার পরিস্থিতি কত দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, ডেথ ভ্যালি অসাধারণ একটি জায়গা হলেও এর তীব্র গরম, দীর্ঘ পথ এবং নির্জনতা যে কারো জন্য বিপজ্জনক হতে পারে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফরমোসার মৃত্যুর কারণ ও ধরন নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। বর্তমানে ডেথ ভ্যালিতে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। ১৯১৩ সালে এখানে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫৭ ডিগ্রি সেলসিয়াস (১৩৪ ডিগ্রি ফারেনহাইট), যে কারণে এলাকাটিকে পৃথিবীর ‘সবচেয়ে উষ্ণ স্থান’ হিসেবে চিহ্নিত করা হয়। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়া তাদের গ্রীষ্মের সবচেয়ে উত্তপ্ত সপ্তাহ পার করছে। এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে রেকর্ড তাপপ্রবাহের কারণে পর্যটকদের জীবনের ঝুঁকি বেড়েছে। জুন মাসে আরিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে ট্রেকিং করার সময় অন্তত চারজন হাইকারের মৃত্যু হয়েছে বলে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

