চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনার জের ধরে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাজারের মুচি বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলা এলাকায় ফুটপাতে ভ্যানে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধুর সঙ্গে পাশের এক সবজি বিক্রেতার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনার সময় সবজি বিক্রেতা উত্তেজিত হয়ে কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন।
শিকের আঘাতে গুরুতর আহত মধু ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

