সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মাছ ধরার ট্রলারে তুলে টানা আট দিন সাগরে ভাসিয়ে রাখার পর ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে পালিয়েছে এক মানবপাচারকারী চক্র। সাগরে অবস্থানকালে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে তারা উপকূলের কাছে এসে ট্রলার ভিড়িয়ে সটকে পড়ে। শুক্রবার রাতে সৈকত এলাকা থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে। ট্রলার থেকে তীরে নামার পর বাকি যাত্রীরা বিভিন্ন দিকে সরে গেছেন বলে পুলিশকে জানিয়েছেন ভুক্তভোগীরা। উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর তাদের ছোট নৌকায় করে সাগরে থাকা একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এর পর থেকে তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। একপর্যায়ে ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে নানা বিষয়ে তীব্র বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়।
ইলিয়াস আরও জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বের একপর্যায়ে পাচারকারীরা ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে ভিড়িয়ে দ্রুত নেমে পালিয়ে যায়। সে সময় ট্রলারের ভেতরে দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। ট্রলারে থাকা মোট ৭২ জন যাত্রীর মধ্যে ২৮ জনকে পুলিশ উদ্ধার করতে পারলেও অন্যরা সুযোগ বুঝে বিভিন্ন স্থানে চলে যান।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সূত্রে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) নাম মানবপাচারের মূল হোতা হিসেবে উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, আব্দুল আমিন পাহাড়ি এলাকায় প্রভাব বিস্তার করে অপহরণ, মাদক কারবার ও মানবপাচারসহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেন। তার চক্রটি মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখে এবং রাতের আঁধারে ছোট নৌকায় করে সাগরের মাঝপথে থাকা বড় ট্রলারে তুলে দেয়। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে চলা এই চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে আমিনের নাম বলছেন এলাকাবাসী।
স্থানীয় তথ্য মতে, আব্দুল আমিন পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল এবং মো. আবদুল্লাহসহ আরও ২০ থেকে ৩০ জনের একটি সক্রিয় মানবপাচারকারী সিন্ডিকেট এই অবৈধ বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে।
সাগরপথে বিপজ্জনক উপায়ে মালয়েশিয়া যাত্রার নামে নারী ও শিশুদের জীবনঝুঁকিতে ফেলার এই ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, নিখোঁজ অন্য যাত্রীদের অবস্থান নিশ্চিত করা এবং পাচারকারী সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

