কলম্বিয়ান তারকা ফুটবলার হামেস রদ্রিগেজের ইতালিয়ান সিরি বি ক্লাব আবেল্লিনোতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের এই সাবেক মিডফিল্ডার নিজের দেশ কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালের সাথে চুক্তির ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইতালির বিভিন্ন গণমাধ্যমে খবর চাউর হয়েছিল যে, ২০১৪ বিশ্বকাপ গোল্ডেন বুট বিজয়ী এই ফ্রি এজেন্ট ফুটবলার ইতালির দ্বিতীয় স্তরের লিগের ক্লাব আবেল্লিনোতে যোগ দিতে পারেন। ইতালির সাবেক তারকা ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তার অধীনে ক্লাবটিতে খেলার ব্যাপারে দুই পক্ষের মধ্যে আলোচনাও চলছিল। তবে দলবদল বিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক জানলুকা দি মার্জিও জানিয়েছেন, গত কয়েক দিনে ইতালিয়ান ক্লাবটিতে রদ্রিগেজের যোগ দেওয়ার সম্ভাবনা নাটকীয়ভাবে কমে গেছে।
আতলেতিকো নাসিওনালে যোগ দিলে দীর্ঘ ১৬ বছর পর কলম্বিয়ার শীর্ষ স্তরের ফুটবলে ফিরবেন রদ্রিগেজ। এর আগে ২০০৮ সালে শৈশবের ক্লাব এনভিগাদো ছেড়ে কৈশোরেই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন এই তারকা। এরপর রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো বিশ্বসেরা ক্লাবে মাঠ মাতিয়েছেন তিনি।

