মার্কিন জনপ্রিয় কমেডি শো 'স্যাটারডে নাইট লাইভ' (এসএনএল)-এর ১৪ নভেম্বরের পর্বে সঞ্চালক হিসেবে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে তীব্রভাবে ব্যঙ্গ করেছেন কমেডিয়ান জন মুলেনি। ইতিপূর্বে এই শোর লেখক হিসেবে কাজ করা মুলেনি এবার সপ্তম বারের মতো সঞ্চালকের ভূমিকা পালন করেন। অনুষ্ঠানটিতে সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ফিবি ব্রিজার্স।
মুলেনি তার উদ্বোধনী একক পারফর্ম্যান্সে নিজের ছোট ছেলের বন্ধুদের নিয়ে একটি রসিকতা থেকে কেনেডি প্রসঙ্গে টানেন। তিনি বলেন, ছোট বাচ্চাদের সাথে সময় কাটানোর সময় সবসময় এমন অন্তত একটি বাচ্চা থাকে যার গলা অদ্ভুত রকমের ভাঙা বা খসখসে। সেই বাচ্চার খসখসে গলার নকল করতে করতেই মুলেনি কণ্ঠ বদলে রবার্ট এফ কেনেডি জুনিয়রের বাচনভঙ্গি অনুকরণ করা শুরু করেন। উল্লেখ্য, কেনেডি 'স্প্যাসমোডিক ডিসফোনিয়া' নামের একটি স্নায়বিক বাক-সংক্রান্ত ব্যাধিতে আক্রান্ত, যার ফলে কথা বলার সময় তার স্বরযন্ত্রে অনৈচ্ছিক খিঁচুনি তৈরি হয়।
কেনেডির কণ্ঠে অনুকরণ করে মুলেনি রসিকতার ছলে বলেন, "আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, আর আমি একজন জঘন্য মানুষ; তবে আমাদের নাম একই। বাবার নামের সাথে নাম মিলে গেলেই কি আমি ভালো হয়ে গেলাম? না, দয়া করে আমাকে আপনাদের হাড় ও পেটের দায়িত্বে থাকতে দিন।"
এরপরই নিজের স্বাভাবিক কণ্ঠে ফিরে এসে কেনেডির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণ শুরু করেন এই কমেডিয়ান। তিনি দাবি করেন, সাবেক সমর্থক সহ এখন আর কেউই কেনেডিকে পছন্দ করে না। মুলেনি বলেন, "বিষয়টি কতটা অদ্ভুত ও মজার এক পরিস্থিতি! আমার কিছু ডানপন্থী বন্ধু ছিল যারা আগে তার অনুরাগী ছিল। কিন্তু এখন আর কেউই তাকে পছন্দ করে না।"
কেনেডির পরিবেশবাদী আইনজীবী হিসেবে অতীত কাজের প্রসঙ্গ তুলে মুলেনি ব্যঙ্গ করে বলেন, কেনেডি নাকি এমন সব পরিবেশ বিষয়ক মামলায় যোগ দিতেন যা জয়ের একদম শেষ পর্যায়ে পৌঁছে যেত। মুলেনি জানান, কেনেডির সাথে তার পরিচয় এক দশকেরও বেশি সময় ধরে। হাডসন নদী পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত 'রিভারকিপার' নামে একটি অলাভজনক সংস্থার আর্থিক সহায়তা তহবিলের জন্য আয়োজিত অনুষ্ঠানে মুলেনি পারফর্ম করতেন, আর কেনেডিও সেই সংস্থার সাথে যুক্ত ছিলেন। তেমনই এক অনুষ্ঠানের পর কেনেডি তাকে ধন্যবাদ জানিয়ে একটি ভয়েসমেইল পাঠিয়েছিলেন। সেই ভয়েসমেইলের কথা মনে করে মুলেনি কৌতুক করে বলেন, সাউন্ড শুনে মনে হচ্ছিল 'গুনিজ' সিনেমার মা বুঝি ভুল করে পকেটে ফোন চাপ পড়ে তাকে কল দিয়েছেন।
কেনেডিকে নিয়ে মুলেনির এটিই প্রথম ব্যঙ্গাত্মক পরিবেশনা নয়। এর আগে গত মে মাসে 'নেটফ্লিক্স ইজ এ জোক' উৎসবের অংশ হিসেবে হলিউড বোলে আয়োজিত এক অনুষ্ঠানেও তিনি কেনেডিকে নিয়ে কৌতুক করেছিলেন।
কেনেডি প্রসঙ্গের আগে নিজের বাবার অটিজম নিয়ে এক রসিকতা দিয়ে মুলেনি তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, তার বাবার অটিজম রয়েছে বলে তিনি ধরে নিয়েছেন, যা তার শৈশবের অনেক অমীমাংসিত বিষয় পরিষ্কার করে দিয়েছে। তিনি কৌতুক করে বলেন, "বাবা নিজে জানেন না যে তিনি অটিস্টিক। এই অনুষ্ঠান টিভিতে প্রচার হওয়ার পরই কেবল তিনি তা জানতে পারবেন।" একই সাথে প্রবীণ প্রজন্ম বা 'বেবি বুমার'রা জেন-জিদের প্রযুক্তি আসক্তি নিয়ে যা বলে, তা আসলে প্রবীণদের ক্ষেত্রেই সত্য দাবি করে মুলেনি বলেন, তারা সবসময় বলে বাচ্চারা নাকি যন্ত্রে আসক্ত, অথচ নিজের মা-বাবার হাত থেকে আইপ্যাড কেড়ে নেওয়ার চেষ্টা করলেই বিষয়টি বোঝা যায়।

