নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আরও দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
আটককৃতরা হলেন ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আল আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তের স্বার্থে তাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা পরবর্তী সময়ে জানানো হবে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম জানান, হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ধারাবারিষা ও কচুগাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, এর আগে এই একই হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তার বাসা থেকে আটক করেছিল ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০: ৩৯আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০০: ৪১
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আরো দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

