ওপেনএআই এবং তাদের হার্ডওয়্যার সহযোগী প্রতিষ্ঠান আইও প্রোডাক্টস ক্যালিফোর্নিয়ার সান হোসের ফেডারেল আদালতে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপল তাদের অপ্রকাশিত এআই ডিভাইসের গোপন তথ্য হাতিয়ে নিয়েছে এবং সরবরাহকারীদের ওপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ওপেনএআই-এর সঙ্গে কাজ সীমিত করে।
এই মামলায় ওপেনএআই-এর পক্ষ থেকে জুরি ট্রায়ালের দাবি জানানো হয়েছে এবং অ্যাপলের কথিত কর্মকাণ্ড বন্ধে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। ওপেনএআই-এর দাবি, অ্যাপলের একজন সাবেক কর্মী, যাকে ‘এমপ্লয়ি এক্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ওপেনএআই-তে ছয় মাস কাজ করার সময় ১০০টিরও বেশি গোপন ফাইল নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছেন। এই কর্মীর মেয়াদ ২ জুন শেষ হয়েছিল। অভিযোগ রয়েছে, তিনি পরবর্তীতে অ্যাপলে ফিরে যান এবং জুলাই মাসে অ্যাপলের নির্দেশে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ওপেনএআই-এর হার্ডওয়্যার উন্নয়ন ও অপ্রকাশিত পণ্যের পরিকল্পনা নিয়ে ব্রিফিং করেন।
এর আগে ১৪ অক্টোবর ওপেনএআই প্রথম এই অভিযোগ উত্থাপন করেছিল। জবাবে অ্যাপল দাবি করেছিল, তাদের প্রাথমিক অনুসন্ধানে ওপেনএআই-এর কোনো গোপনীয় তথ্য পাওয়া যায়নি এবং তারা আরও বিস্তারিত তথ্যের জন্য আদালতে আবেদন করেছিল।
ওপেনএআই-এর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, অ্যাপল তাদের সরবরাহকারীদের ওপর চাপ প্রয়োগ করছে। একটি সরবরাহকারী প্রতিষ্ঠান, যারা উভয় কোম্পানির সাথেই কাজ করত, তাদের ওপেনএআই-এর মেটাল-ফিনিশিং কাজ রাতের শিফটে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে, কারণ অ্যাপল একই সময়ে বা একই জায়গায় উভয় কোম্পানির যন্ত্রাংশ প্রক্রিয়াজাত করার বিরোধিতা করেছিল। অন্য একটি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, অ্যাপলের হুমকির মুখে তারা ওপেনএআই-এর নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারছে না, যার ফলে ওপেনএআই-কে তাদের উৎপাদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে।
মামলায় আরও দাবি করা হয়েছে, অ্যাপল তাদের কর্মীদের ব্যক্তিগত আইক্লাউড এবং আইমেসেজ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য উৎসাহিত করে এবং পরবর্তীতে সেই ব্যক্তিগত ডিভাইসে কোম্পানির ফাইল পাওয়ার অজুহাতে প্রতিযোগীদের কাছে যোগ দেওয়া কর্মীদের লক্ষ্যবস্তু বানায়। এছাড়া, চ্যাং লিউ নামের এক ব্যক্তি আলাদাভাবে অভিযোগ করেছেন যে, অ্যাপল তার ব্যক্তিগত বার্তা অনুমতি ছাড়াই অ্যাক্সেস করেছে।
উল্লেখ্য, গত ১০ জুলাই অ্যাপল ওপেনএআই, আইও প্রোডাক্টস এবং সাবেক কর্মী চ্যাং লিউ ও ট্যাং ইউ ট্যানের বিরুদ্ধে মামলা করেছিল। অ্যাপলের অভিযোগ ছিল, তাদের সাবেক কর্মীরা গোপন হার্ডওয়্যার ও উৎপাদন সংক্রান্ত তথ্য নিয়ে গেছেন এবং ওপেনএআই তা ব্যবহার করছে। তবে শুক্রবারের দাখিল করা নথিতে ওপেনএআই বাণিজ্য গোপনীয়তা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে।
বর্তমানে ওপেনএআই কনজ্যুমার হার্ডওয়্যার খাতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে। জুলাই ২০২৫ সালে তারা জনি আইভ-এর সহ-প্রতিষ্ঠিত হার্ডওয়্যার স্টার্টআপ আইও প্রোডাক্টসকে একীভূত করেছে। যদিও উভয় কোম্পানি সফটওয়্যার ক্ষেত্রে একে অপরের সাথে কাজ করেছে, যেমন ডিসেম্বর ২০২৪ সালে অ্যাপল তাদের সিরি এবং রাইটিং টুলসে চ্যাটজিপিটি যুক্ত করেছে, কিন্তু এআই প্রযুক্তির প্রতিযোগিতায় তাদের মধ্যকার এই আইনি লড়াই এখন আরও তীব্র রূপ নিয়েছে।

