ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে খেলার মতো যোগ্যতা লুক শ-র নেই দাবি করে তাঁকে দল থেকে বাদ দেওয়ার তাগিদ দিয়েছেন ক্লাবের সাবেক তারকা পল পার্কার। তাঁর মতে, রেড ডেভিলদের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে হলে এই পজিশনে নতুন কাউকে প্রয়োজন।
Betarades.gr-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সাবেক ক্লাবকে নিয়ে আলোচনাকালে পল পার্কার লুক শ-র কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, প্রাক-মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক যেভাবে প্যাট্রিক ডরগুকে উইঙ্গার হিসেবে ব্যবহার করেছেন, সেটি যদি নিয়মিত করা হয় তবে ক্লাবটিকে অবশ্যই একজন নতুন লেফট-ব্যাক দলে ভেড়াতে হবে।
লুক শ-র দুর্বলতা তুলে ধরে পার্কার বলেন, ‘ক্লাবের এখন গুরুত্ব সহকারে একজন নতুন লেফট-ব্যাক প্রয়োজন, কারণ লুক শ মোটেও যথেষ্ট ভালো নন। তাদের এমন একজন চটপটে ও গতিশীল ফুলব্যাক দরকার যিনি ঠিকঠাক রক্ষণ সামলাতে পারবেন এবং মাঠের সব প্রান্তে অবদান রাখতে পারবেন।’ তিনি আরও যোগ করেন, ‘লুক শ দৌড়াতে পারেন না, রক্ষণ বা আক্রমণ কোনোটিই পারেন না। তাহলে তাকে দলে রাখার কী প্রয়োজন? এছাড়া দিয়োগো দালোতকে যখন লেফট-ব্যাকে খেলানো হয়, তখনও দলে সমস্যা তৈরি হয়।’
সাবেক কোচ রুবেন আমোরিমের অধীনে গত মৌসুমের শুরুটা আশানুরূপ না হলেও, শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের মাঝামাঝি সময়ে ক্লাবটি মাইকেল ক্যারিককে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় এবং তাঁর অধীনেই রেড ডেভিলরা চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে।
পার্কারের এমন কড়া সমালোচনার বিপরীতে লুক শ-র জন্য ২০২৫-২৬ মৌসুমটি দারুণ কেটেছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগের সবকটি অর্থাৎ ৩৮টি ম্যাচেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং দলকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে গুঞ্জন রয়েছে, অভিজ্ঞ এই ইংলিশ ফুলব্যাককে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে নিউক্যাসল ইউনাইটেড তারকা লুইস হলকে দলে নেওয়ার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড প্রশাসন।
একই সাক্ষাৎকারে পার্কার দাবি করেন, ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে লুক শ-র জায়গায় একাডেমির তারকা হ্যারি অ্যামাস একটি চমৎকার বিকল্প হতে পারেন। লোনে শেফিল্ড ওয়েডনেসডেতে খেলার সময় অ্যামাসের পারফরম্যান্সে সমর্থকরা উচ্ছ্বসিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি শেফিল্ড ওয়েডনেসডের হয়ে হ্যারি অ্যামাসকে কয়েকটি ম্যাচ খেলতে দেখেছি। ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত ক্লাবের সমর্থকরা তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। তাই এখন কি তাকে সুযোগ দেওয়ার সময় আসেনি? ক্লাবের উচিত তার মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং দলে নিয়মিত করা। আমার মতে, তাকে কেবল দু-একটি ম্যাচ নয়, বরং টানা খেলার সুযোগ দেওয়া প্রয়োজন।’
তিনি ফুটবল৩৬৫-এর মাধ্যমে বলেন, “ক্লাবের এখন গুরুত্ব সহকারে একজন নতুন লেফট-ব্যাক প্রয়োজন, কারণ লুক শ মোটেও যথেষ্ট ভালো নন।”

