তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছে প্যাভিলিয়নটি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও তিনি পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন। প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম, প্রদর্শিত পণ্যের বিবরণ এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগগুলো কীভাবে তুলে ধরা হচ্ছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত জানতে চান। সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণসহ পরিবেশ রক্ষায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী ঘুরে দেখেন।

