ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। সচরাচর নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখলেও রাশিয়ার নিজস্ব সরকারি পরিসংখ্যানেই এই আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কয়েক দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা করা যুদ্ধটি চার বছর ১০ মাসের বেশি সময় ধরে চলছে।
বিবিসি প্রকাশিত একটি বিশদ বিশ্লেষণে উঠে এসেছে কীভাবে এই সংঘাত রাশিয়ার তরুণ ও কর্মক্ষম জনসংখ্যার মৃত্যুর স্বাভাবিক ধারা সম্পূর্ণ পাল্টে দিয়েছে।
বেলারুশের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পারটিসানস বিওয়াই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ যৌথভাবে রুশ পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর সিস্টেমে প্রবেশ করে প্রায় ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু নিবন্ধনের নথি হাতিয়ে নেয়। পরবর্তীতে বিবিসি রাশিয়ান এই ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের নথির নাগাল পায়।
রসস্ট্যাট তাদের সিস্টেমে সাইবার হামলার কথা স্বীকার করলেও কোনো সুরক্ষিত তথ্য ফাঁস হওয়ার দাবি অস্বীকার করেছে।
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত বুধবার এ বিষয়ে বলেন, কেবল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ই আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করার অধিকার রাখে এবং তিনি অন্য কোনো ডেটা বিবেচনায় না নেওয়ার আহ্বান জানান। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত কয়েক বছর ধরে অফিশিয়াল কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।
বিবিসি রাশিয়ান এবং স্বতন্ত্র রুশ গণমাধ্যম ‘মিডিয়াজোনা’ যৌথভাবে তাদের উন্মুক্ত উৎস থেকে তৈরি নিশ্চিত সামরিক মৃত্যুর তালিকার সঙ্গে ফাঁস হওয়া রসস্ট্যাট নথির তুলনা করেছে। সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিস্তম্ভ ও কবরখানা থেকে সংগৃহীত বিবিসির এই তালিকায় ২৯০,০১২ জনের মৃত্যুর প্রমাণ রয়েছে, যার সঙ্গে রসস্ট্যাটের ৯০ শতাংশ নথির হুবহু মিল পাওয়া গেছে।
সামরিক বিশ্লেষকদের মতে, বিবিসির এই তালিকা মোট প্রকৃত নিহতের ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সে হিসেবে নিহতের প্রকৃত সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১ জনের মধ্যে দাঁড়াতে পারে। অধিকাংশ অঞ্চলে রসস্ট্যাটের তথ্যের বিন্যাস বিবিসির তালিকার থেকে মাত্র সামান্য কিছু দশমিক শতাংশ তফাৎ দেখায়।
ফাঁস হওয়া ডেটা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী যত তরুণের মৃত্যু হয়েছে, তাদের ৬৫ শতাংশেরই প্রাণ গেছে এই যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে যুদ্ধের কারণে মৃত্যুর এই হার ছিল ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের ক্ষেত্রে হৃদরোগের কারণে মৃত্যুর সংখ্যা যুদ্ধের ক্ষয়ক্ষতিকে ছাপিয়ে গেছে।
প্রথম বছরে নিহতদের গড় বয়স ৩৪ বছর থাকলেও জেলখানার কয়েদি ও চুক্তিভিত্তিক সেনাদের অন্তর্ভুক্তির কারণে ২০২৫ সাল নাগাদ এই গড় বয়স বেড়ে ৪০ বছরে দাঁড়ায় (যদিও বিবিসির নিজস্ব তালিকায় তা ৩৮ বছর)।
ইউক্রেনের নির্দিষ্ট কিছু যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার স্পষ্ট চিত্রও এতে প্রকাশ পেয়েছে। যুদ্ধপূর্ব সম্মিলিত জনসংখ্যা মাত্র ১২ হাজার ছিল এমন ১০টি ইউক্রেনীয় গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন।
বিশেষ করে ডোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিভকা নামের একটি ছোট্ট গ্রাম দখলের সময় ১,১২২ জন রুশ সেনার মৃত্যু হয়, যেখানে যুদ্ধ শুরু হওয়ার আগে মাত্র ৭৪ জন মানুষ বসবাস করতেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর থেকেই মস্কো সামরিক ক্ষয়ক্ষতি গোপন রেখে আসছে এবং দুই বছর আগে বাইরের কারণে মৃত্যুর উপাত্ত প্রকাশ করা বন্ধ করে দেয় রসস্ট্যাট। যেমন দখলকৃত ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের যেসব সেনা রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করে মারা গেছেন, রসস্ট্যাট নথিতে তাদের মাত্র ৭০ শতাংশের তথ্য মিল পাওয়া গেছে।
ফাঁসে নাম না থাকলেও বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান ও কারণ উল্লেখ রয়েছে।
বিবিসি বেসামরিকদের বাদ দিতে নির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করে—যার মধ্যে শুধুমাত্র ইউক্রেন ও সীমান্তসংলগ্ন এলাকাকে বেছে নেওয়া হয় এবং ১৮-৬৫ বছরের পুরুষদের হিসাব ধরা হয়। এছাড়া কর্মসংস্থানের তথ্য দেখে ১৪,০৯৩ জন এবং আদালতের রায়ের ভিত্তিতে ৫১,০৬৭ জনকে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যুদ্ধক্ষেত্রে ছয় মাসের বেশি নিখোঁজ এবং লাশ উদ্ধার না হলে সাধারণত আদালত থেকে তাদের মৃত ঘোষণা করা হয়।
নথি বিশ্লেষণে দেখা যায়, রুশ বাহিনীর হয়ে লড়তে গিয়ে অন্তত ৫,০১৭ জন বিদেশী নাগরিক মারা গেছেন, যার মধ্যে ১,০৩১ জন উজবেক এবং ৭২০ জন তাজিক নাগরিক রয়েছেন। তবে দ্বৈত নাগরিকত্ব থাকায় অনেকেই রুশ হিসেবে নিবন্ধিত হয়েছেন এবং ২০২৪ সালে রাশিয়া থেকে ইউক্রেনীয় অনুপ্রবেশ ঠেকানোর লড়াইয়ে মারা যাওয়া উত্তর কোরীয়দের নাম এই ডেটায় অনুপস্থিত।
বিবিসি স্যাটেলাইট ছবি ও পিয়ংইয়ংয়ের নতুন স্মৃতিস্তম্ভের ছবি বিশ্লেষণ করে ২,৩০৪ জন উত্তর কোরীয় সেনার নিহতের বিষয়টি শনাক্ত করেছে।
যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এই ক্ষয়ক্ষতি ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত-আফগান যুদ্ধের চেয়ে বহুগুণ বেশি। ১০ বছরের আফগান যুদ্ধে প্রায় ১৫,০০০ রেড আর্মি সদস্য এবং ১০ লাখ বেসামরিক লোক মারা গিয়েছিলেন। বিপরীতে ইউক্রেনীয় ক্ষয়ক্ষতির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাইয়ে নিহতের সংখ্যা প্রায় ৫০,০০০ বলে দাবি করেছিলেন।
তবে উন্মুক্ত উৎসের তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত ‘ইউএ লসেস’ নামের একটি ওয়েবসাইটের মতে ইউক্রেনীয় নিহতের সংখ্যা ১,১৫,৯৫২ জন।

