মহাকাশ অভিযানে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির লক্ষ্যে নিজেদের ১২৪ মিটার দীর্ঘ স্টারশিপ রকেটের পরবর্তী পরীক্ষামূলক ফ্লাইটে এক অভূতপূর্ব কৌশল প্রয়োগ করতে যাচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত স্পেসবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (২২:৪৫ জিএমটি) ৭৫ মিনিটের একটি উইন্ডোর মধ্যে এটি উৎক্ষেপণ করা হবে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উঁচু, ভারী ও শক্তিশালী এই রকেটটি মহাকাশে যাওয়ার পর এর দুটি অংশকেই লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহু বা ‘চপস্টিকস’ দিয়ে শূন্যেই ধরে ফেলার চেষ্টা করবে স্পেসএক্স।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, রকেটটি উৎক্ষেপণের সাড়ে ছয় মিনিট পর এর নিচের অংশ অর্থাৎ 'সুপার হেভি বুস্টার' উৎক্ষেপণ টাওয়ারে ফিরে আসবে এবং প্রথম ক্যাচ চেষ্টা চালানো হবে। এর আগে পরিচালিত তিনটি পরীক্ষামূলক ফ্লাইটে সুপার হেভি বুস্টারটিকে সফলভাবে ধরতে পেরেছিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু।
তবে রকেটের উপরের অংশ 'শিপ'-কে আগে কখনো যান্ত্রিক বাহু দিয়ে ধরা সম্ভব হয়নি। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছানো শিপ অংশটি ইতিপূর্বে সমুদ্রে অবতরণ করানো হয়েছিল।
উৎক্ষেপণের পর রকেটের ওপরের অংশ ‘শিপ’ তার মহাকাশ যাত্রা অব্যাহত রাখবে এবং ২৬টি স্যাটেলাইট মোতায়েন করবে, যা মহাকাশ থেকে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিঙ্ক নেটওয়ার্ককে আরও সমৃদ্ধ করবে। এরপর শিপ অংশটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করবে এবং উৎক্ষেপণের প্রায় সাড়ে ২২ ঘণ্টা পর দ্বিতীয় ক্যাচ চেষ্টার জন্য ফিরে আসবে।
তবে মহাকাশে থাকা অবস্থায় যানটির সার্বিক অবস্থা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের পরই কেবল এটি ক্যাচ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্পেসএক্স। যাত্রাপথে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রকেটের এই অংশটিকে সমুদ্রে নিরাপদে নামিয়ে আনার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
যদি স্পেসএক্সের এই জোড়া ক্যাচ চেষ্টা সফল হয়, তবে এটিই হবে মহাকাশে ঘুরে আসা কোনো রকেটের সম্পূর্ণ অংশ সফলভাবে উদ্ধারের প্রথম ঘটনা, যা বারবার ব্যবহারের উপযোগী রকেটের পথ উন্মোচন করবে। ২০১৫ সালে ফেলকন ৯ রকেটের বুস্টার উলম্বভাবে নামিয়ে প্রথম ইতিহাস গড়েছিল স্পেসএক্স। বর্তমানে ফেলকন ৯ বছরে শতাধিকবার উড়ছে এবং এর নিচের অংশ পুনর্ব্যবহারের ফলে উৎক্ষেপণ খরচ নাটকীয়ভাবে কমে এসেছে।
রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ম্যালকম ম্যাকডোনাল্ড বলেন, রকেটের দুই অংশই সফলভাবে ক্যাচ করতে পারাটা দৃশ্যত দারুণ রোমাঞ্চকর এক বিষয় হবে।
তবে পূর্ণাঙ্গ পুনর্ব্যবহারযোগ্যতা মহাকাশে প্রবেশের অর্থনীতিকে মৌলিকভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি আরও যোগ করেন, কেবল একটি সফল ফ্লাইটই এই মডেল চূড়ান্তভাবে প্রমাণ করবে না, তবে এটি স্টারশিপ উড়তে পারে তা দেখানোর পর্যায় থেকে এটি কীভাবে কাজ করতে পারে তা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে।
চলতি বছরের শুরুতে স্পেসএক্স শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা এই পরীক্ষামূলক ফ্লাইটের দিকে কড়া নজর রাখছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাও অত্যন্ত সতর্কতার সঙ্গে এই মিশন পর্যবেক্ষণ করছে। ২০২৮ সালের মধ্যে চাঁদে মানবজাতিকে আবার অবতরণ করানোর যে উচ্চাভিলাষী সময়সীমা নাসা নির্ধারণ করেছে, তাতে স্পেসএক্সের স্টারশিপের অগ্রগতি সরাসরি প্রভাব ফেলবে।
নাসার আর্টেমিস কর্মসূচির অধীনে নভোচারীদের চাঁদের পৃষ্ঠে নামিয়ে আনার জন্য বিশেষ ল্যান্ডার হিসেবে শিপ-কে প্রস্তুত করার একটি চুক্তি ইতিমধ্যে পেয়েছে স্পেসএক্স।
চাঁদে অবতরণের এই দৌড়ে অবশ্য একা নয় স্পেসএক্স। আরেক প্রযুক্তি ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিনও তাদের নিউ গ্লেন রকেট ও ল্যান্ডার নিয়ে নাসার সঙ্গে কাজ করছে। ২০ ২৭ সালের গ্রীষ্মে পরিকল্পিত আর্টেমিস ৩ মিশনেও উভয় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মিশনে নাসার ওরিয়ন মহাকাশযানের চারজন নভোচারী স্পেসএক্স এবং ব্লু অরিজিন উভয়ের ল্যান্ডারের সঙ্গে ডকিং করার চেষ্টা করবেন।
তবে স্পেসএক্সের রকেট উন্নয়নের গতি তাদের মূল পরিকল্পনার চেয়ে বেশ ধীর হওয়ায় আগামী মাসগুলোতে তাদের দ্রুত অগ্রগতি ঘটাতে হবে। অন্যদিকে, ব্লু অরিজিনও বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছে; চলতি বছরের শুরুতে তাদের রকেট বিস্ফোরণে ফ্লোরিডার উৎক্ষেপণ প্যাড সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
চলতি বছরের শেষের দিকে চালুর কথা থাকলেও প্রতিষ্ঠানটি ২০২৭ সালের শুরুর আগে ফ্লাইটে ফিরতে পারছে না। এদিকে চীনের সঙ্গে চাঁদে যাওয়ার প্রতিযোগিতায় তীব্র চাপের মুখে রয়েছে নাসা। নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, চীন ২০৩০ সালের মধ্যে তাদের 'টাইকোনট' বা নভোচারীদের চাঁদের পৃষ্ঠে অবতরণের পরিকল্পনা করছে, যা যুক্তরাষ্ট্রের ওপর সময়মতো লক্ষ্য পূরণের বাড়তি চাপ সৃষ্টি করছে।

