চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে দিয়েছে তাইওয়ান। তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী চেন মিং-চি সতর্ক করে জানিয়েছেন, বেইজিংয়ের ওপর অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরতা শেষ পর্যন্ত কানাডাকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল ও বলপ্রয়োগের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে কার্নির চীননীতির প্রসঙ্গে তিনি বলেন, "আমরা উদ্বিগ্ন, আমরা সত্যিই উদ্বিগ্ন।" চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার খেসারত কীভাবে দিতে হয়, তা নিজেদের অভিজ্ঞতা থেকেই শিখেছে তাইওয়ান।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাম্প্রতিক চীন সফর এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই তাইওয়ানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্কযুদ্ধের কারণে কানাডা যখন বাণিজ্য অংশীদারিত্ব বহুমুখী করার চেষ্টা করছে, ঠিক তখনই শেনঝেনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে অতিরিক্ত শুল্ক ছাড়ের বিষয়ে একমত হন কার্নি। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে কানাডার নিজস্ব গাড়ি শিল্প রক্ষায় চীনা গাড়ি নির্মাতাদের দিকে ঝুঁকতেও আপত্তি নেই বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কারণ, আগামী ১ জানুয়ারি থেকে কানাডিয়ান গাড়ি ও খুচরা যন্ত্রাংশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে চীনা ইলেকট্রিক গাড়ি (ইভি) নিয়ে সতর্ক করে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব গাড়ি কানাডায় তৈরি হলেও তা দেশটির স্থানীয় গাড়ি নির্মাতাদের জন্য হুমকি তৈরি করবে এবং সংযুক্ত প্রযুক্তির কারণে নজরদারির চরম ঝুঁকি তৈরি করতে পারে। মার্ক কার্নির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে চেন মিং-চি বলেন, "আপনারা কাকে নিজেদের অংশীদার হিসেবে বেছে নিতে চান?" তিনি কানাডার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, "আপনাদের নিজেদের ইতিহাস রয়েছে, 'টু মাইকেলস'-এর ঘটনাটি মনে করে দেখুন।" তিনি সাবেক কানাডিয়ান কূটনীতিক মাইকেল কভরিগ ও ব্যবসায়ী মাইকেল স্প্যাভোরকে প্রায় তিন বছর চীনে আটকে রাখার ঘটনাটি উল্লেখ করেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধে কানাডায় হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের পরপরই ওই দুই কানাডিয়ানকে আটক করেছিল চীন। ২০২১ সালের সেপ্টেম্বরে মেং চীনে ফিরে যাওয়ার দিনেই তাদের মুক্তি দেওয়া হয়, যদিও বেইজিং রাজনৈতিক উদ্দেশ্যে আটকের অভিযোগ অস্বীকার করে আসছে।
এর আগে কার্নি নিজেই সতর্ক করেছিলেন যে, বিশ্বশক্তিগুলো অর্থনৈতিক সংহতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সে সময় যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং চীনের গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে কড়াকড়ির উদাহরণ তুলে ধরে তিনি মধ্যম সারির দেশগুলোকে অর্থনৈতিক চাপ এড়াতে বাণিজ্য বহুমুখী করার আহ্বান জানিয়েছিলেন। তবে কার্নির যুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রযুক্তিগত বিরোধের চেয়ে কানাডার বিষয়টি ভিন্ন। কানাডা প্রধানত কৃষি পণ্য, জ্বালানি ও কাঁচামাল রপ্তানি করে, যার মধ্যে উন্নত সেমিকন্ডাক্টরের মতো স্পর্শকাতর প্রযুক্তি নেই।
চীনের রাজনৈতিক কৌশল মোকাবিলায় তাইওয়ানের অভিজ্ঞতার কথা জানিয়ে চেন মিং-চি বলেন, বেইজিং রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য বাণিজ্যিক বিধিনিষেধ ব্যবহার করায় তাইওয়ান চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা ব্যাপকভাবে কমিয়ে এনেছে। তিনি বলেন, "পরস্পরের ওপর নির্ভরতাকে অস্ত্র বানাতে তারা খুবই পটু। রাজনৈতিক লক্ষ্য হাসিলে তারা আমাদের নির্ভরতাকে ব্যবহার করতে জানে।" এ ছাড়া শেনঝেন সম্মেলনে শি জিনপিংকে ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝে বসানো একটি আলোচিত ছবি নিয়েও কথা বলেন চেন। তিনি অভিযোগ করেন, বেইজিং বিশ্বনেতা হিসেবে নিজেদের তুলে ধরতে প্রোপাগান্ডা চালাচ্ছে। "তারা এই প্রচারণায় অত্যন্ত দক্ষ," উল্লেখ করে তিনি এই সম্মেলনকে 'কার্যকরের চেয়ে বেশি প্রতীকী' বলে বর্ণনা করেন।
তাইওয়ানের নিরাপত্তার বিষয়ে চেন মিং-চি সতর্ক করেন যে, দ্বীপে আগ্রাসনের চরম ব্যয় সত্ত্বেও চারপাশে সামরিক তৎপরতা বাড়াচ্ছে চীন। চীনা নৌযানগুলো তাইওয়ানকে সামুদ্রিক অবরুদ্ধ বা কোয়ারেন্টিন করার মহড়াও দিতে পারে বলে তিনি আশঙ্কার কথা জানান। তবে চীনের বিষয়ে তীব্র উদ্বেগ থাকলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্ক কার্নির নেতৃত্বের প্রশংসা করেন এই তাইওয়ানিজ কূটনীতিক। একই সঙ্গে তাইওয়ানের সঙ্গে কানাডার দীর্ঘদিনের বকেয়া বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে চেন বলেন, "প্রধানমন্ত্রী কার্নির ভিশনকে আমরা গভীর সম্মান জানাই এবং আমরা এই ভিশনের অংশ হতে চাই।"

