পূর্ব সুইজারল্যান্ডে বৃহস্পতিবার বিকেলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। ডাচ পর্যটকবাহী বাসটি গ্রাউবুয়েনডেন আল্পাইন ক্যান্টনের সুশ এবং জার্নেজ গ্রামের মধ্যবর্তী একটি নির্মাণাধীন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে সাতটি হেলিকপ্টার এবং ১৩টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি থেকে যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীদের রাতভর পাওয়ার স’ ব্যবহার করে বাসের কাঠামো কেটে কাজ করতে দেখা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি কৌঁসুলিরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্য কোনো যানবাহন জড়িত ছিল না।
এই ট্র্যাজেডির পর শোক প্রকাশ করেছে সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থা 'ওএড'। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে। সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। ডাচ রাজা উইলেম-আলেকজান্ডার এবং রানি ম্যাক্সিমাও এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের আত্মীয়-স্বজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

