মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান ইরান সংঘাতে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে তিনি পরিষ্কারভাবে সতর্ক করেছেন যে, এই দেশগুলো যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা তাদের জন্য অত্যন্ত খারাপ পরিণতি বয়ে আনবে।
শুক্রবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, 'যদি তারা (চীন ও রাশিয়া) এতে জড়িয়ে পড়ে, তবে তা হবে খুবই খারাপ। এটি নিশ্চিতভাবেই তাদের স্বার্থের অনুকূলে নয়।'
ট্রাম্প উল্লেখ করেন যে, বেইজিংয়ে সাম্প্রতিক বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে নিশ্চিত করেছিলেন যে, তারা কোনো অবস্থাতেই ইরানের কাছে অস্ত্র বিক্রি বা সরবরাহ করবে না। ট্রাম্পের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই প্রতিশ্রুতি দিয়েছেন যে, মস্কো ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি দেশটির সর্বোচ্চ নেতাও নিহত হন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র জানিয়েছে, যুদ্ধের শুরুর দিকে পারস্য উপসাগরে সিআইএ-এর লক্ষ্যবস্তুতে ইরানের হামলার পর ওয়াশিংটন তদন্ত শুরু করে। মার্কিন গোয়েন্দারা খতিয়ে দেখছেন যে, ইরানকে কোনো ধরনের লক্ষ্যবস্তু নির্ধারণের তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে রাশিয়া সহায়তা করছে কি না। বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, ইরানকে অস্ত্র ক্রয়ে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র এর আগেও রাশিয়া ও চীনের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

