তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এবং সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের প্রত্যাশা ব্যক্ত করেছে তুরস্ক। আঙ্কারার জন্য উৎপাদিত ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তরের বিষয়ে আলোচনা অব্যাহত থাকার মধ্যেই তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুরক এ প্রসঙ্গে বলেন, মিত্রতার চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ 'কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিস থ্রু স্যাংশনস অ্যাক্ট' (CAATSA) বা ক্যাটসা নিষেধাজ্ঞা এবং তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ওপর সরাসরি বা পরোক্ষ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়াই তাদের প্রত্যাশা। তিনি আরও জানান, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের মৈত্রী ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি ইতিবাচক ফলাফলের বিষয়ে তুরস্ক আশাবাদী।
সৌদি আরবের সামরিক খাতে তুরস্কের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে আকতুরক বলেন, নতুন মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আওতায় সৌদি আরবে তুরস্কের কোনো সামরিক অবদান থাকলে তা তুরস্কের সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্ধারিত হবে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আগস্ট মাসে স্বাক্ষরিত এই চুক্তির জন্য সংসদীয় অনুমোদন প্রয়োজন। এছাড়া বিদেশে তুরস্কের সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে এটি কার্যকর হবে। তিনি স্পষ্ট করেন যে, যেকোনো ধরনের সামরিক অবদান সৌদি আরবের প্রয়োজনীয়তা, মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং অপারেশনাল চাহিদার ওপর নির্ভর করবে।

